ঘটনার পর থেকেই ফেরার ছিলেন ফিরোজ। কোনমতেই তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 September 2025 22:55
দ্য ওয়াল ব্যুরো: গুলশন কলোনিতে প্রকাশ্যে গুলি ও বোমাবাজির ঘটনার (Anandapur Gulshan Colony incident) ১০ দিনের মাথায় অবশেষে কলকাতা পুলিশের জালে মিনি ফিরোজ (Mini Feroz)। দিল্লির আজমের গেট (Delhi Ajmer gate) থেকে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ গ্রেফতার করা হল গুলশন কলোনির দাপুটে নেতাকে।
পুলিশ সূত্রে খবর, বিমানে করে জরুরি ভিত্তিতে বাংলায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তাঁকে। গভীর রাত অথবা কাল সকালের মধ্যেই মিনি ফিরোজকে নিয়ে কলকাতায় পৌঁছবেন কলকাতা গোয়েন্দা দফতরের আধিকারিকরা। আগামিকালই তাঁকে আদালতে পেশ করা হবে বলেও জানা গিয়েছে। তারপর সেখানেই ফিরোজকে হেফাজতে নেওয়া হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশন কলোনিতে সিনেমার কায়দায় গুলি-বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। নাম উঠে আসে স্থানীয় দাপুটে মুখ ফিরোজ খানের, যিনি এলাকায় ‘মিনি ফিরোজ’ নামে কুখ্যাত। গুলশন কলোনির ওই ভয়াবহ তাণ্ডবের ঘটনার পর থেকেই ফেরার ছিলেন ফিরোজ। বাকি অভিযুক্তরা ধরা পড়লেও কোনমতেই তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। তবে সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিনই তিনি পোস্ট করছিলেন। কখনও কাউন্সিলরকে উদ্দেশ্য করে হুমকি, কখনও নিজের অবস্থান ঘিরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন প্রশাসনকে।
সূত্রের খবর: তদন্তে উঠে আসে, ফিরোজ ট্রেনে নয়, সড়কপথে পালিয়ে বিহারে গিয়েছেন। সেখানে একাধিক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, সে বিহারে ঘন ঘন জায়গা বদল করে গা-ঢাকা দিচ্ছে। সিম ছাড়াই ওয়াইফাই জোন থেকে ফেসবুকে সক্রিয় থেকে প্রশাসনকে ঘোল খাওয়াচ্ছেন তিনি।
পুলিশ সূত্রে খবর ছিল, ফিরোজ কোথাও ঘণ্টা দু’এক বেশি থাকছেন না। ফলে তাঁর লোকেশন ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছে।
অবশেষে দিল্লি থেকে গ্রেফতার করা হল গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজকে।