পড়শিরা সকলে মিলে পাকড়াও করেন ঘুমকাতুরে চোরকে। উত্তম-মধ্যম দেওয়ার পর খবর দেওয়া হয় পুলিশে।

ছবি এআই
শেষ আপডেট: 4 August 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: কানপুরে (Kanpur) অদ্ভুত কাণ্ড। চুরি করতে এসে খাটেই নিজেই ঘুমিয়ে পড়ল ক্লান্ত চোর (Thief)! আর তারপর কী হল? সকালে ঘুম ভাঙল উত্তম-মধ্যম খেয়ে।
ঘটনাটি ঘটেছে নাজিরাবাদ থানা এলাকার মারিয়মপুর রেললাইনের কাছে। সেখানে পাশাপাশি থাকেন দুই ভাই– বিনোদ কুমার ও অনিল কুমার। মাঝরাতে চোর প্রথমে হানা দেয় বিনোদের বাড়িতে। মদের নেশায় চুর হয়ে আলমারির লকার ভেঙে টাকা, গয়না সব নিয়ে ফেলে।
তাতেই থামেনি সাহেব! পাশের অনিলের বাড়িতেও ঢুকে ফের চুরি করে। এবারও আলমারি ভেঙে তুলে নেয় গয়না ও নগদ টাকা।
কিন্তু এত চুরি করতে গিয়ে শরীর আর সায় দিচ্ছিল না। ক্লান্ত চোর সোজা শুয়ে পড়ে অনিলের বাড়ির খাটে! ঘুম এত গভীর ছিল যে সকাল পর্যন্ত একটুও টের পায়নি কেউ।
সকালবেলা ঘুম ভেঙে অনিল কুমার, যিনি পেশায় ই-রিকশাচালক, দেখেন তাঁর খাটে অচেনা এক ব্যক্তি ঘুমোচ্ছে! প্রথমে তো তিনি ভেবেই পান না কী হচ্ছে! তারপরেই চোখ পড়ে আলমারির ভাঙা তালায়। সন্দেহ হওয়ামাত্র ঘরের অন্যরা এসে দেখে— চোর বাবাজির পকেটেই রয়েছে গয়না আর টাকা।
ততক্ষণে চিৎকারে জড়ো হয়ে গেছেন পাড়া-পড়শিরা। সকলে মিলে পাকড়াও করেন ঘুমকাতুরে চোরকে। উত্তম-মধ্যম দেওয়ার পর খবর দেওয়া হয় পুলিশে। নাজিরাবাদ থানার পুলিশ এসে গুনধরকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।