শিশুটি যাতে আতঙ্কিত না হয়ে পড়ে এবং শান্ত থাকে সেই জন্য অপারেশন চালাতে চালাতে তার সঙ্গে কার্টুনও দেখানো হয়।

শেষ আপডেট: 20 October 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো: একটু চোখের আড়াল হতে না হতেই বিপত্তি। তামিলনাড়ুর থ্রিসুরে দেড় বছরের এক শিশুকন্যা তার আঙুল ইডলি ট্রেতে আটকে ফেলে। আঙুল কেটে বার করতে ডাকতে হল দমকল।
স্থানীয় ফায়ার ব্রিগেড এসে প্রায় ৯০ মিনিটের অপারেশন চালায় ছোট্ট হাতে। তারপর শিশুটিকে নিরাপদে মুক্ত করা সম্ভব হয়েছে।
ঘটনাটি রবিবার ঘটেছে। জানা গিয়েছে, শিশুটি মায়ের সঙ্গে রান্নাঘরে খেলা করছিল। খেলতে খেলতে তার আঙুল একটি ইডলি ট্রেতে ঢুকে যায়। প্রথমে তার মা-বাবা চেষ্টা করেছিলেন আঙুলটি বের করার, কিন্তু কোনও কাজ হয়নি। আঙুলে ব্যথা লাগার ভয়ে ছেড়ে দিতে বাধ্য হন তাঁরা।
এরপর স্থানীয় ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। বিশেষ কাটার দিয়ে কেটে ট্রে-টি সরিয়ে আঙুল মুক্ত করার চেষ্টা করেন। এই সময় আঙুলে কোনও ধরনের জ্বালা, পুড়ে যাওয়া বা ক্ষতি না হয়, সেই জন্য ঠান্ডা জল ঢালা চলছিল ক্রমাগত। শিশুটি যাতে আতঙ্কিত না হয়ে পড়ে এবং শান্ত থাকে সেই জন্য অপারেশন চালাতে চালাতে তার সঙ্গে কার্টুনও দেখানো হয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পাঁচজন ফায়ার ব্রিগেড কর্মী শিশুর কান্না উপেক্ষা করে সতর্কভাবে অপারেশন চালাচ্ছেন। প্রায় ৯০ মিনিটের পর শিশুটির আঙুল সম্পূর্ণ নিরাপদে মুক্ত করা সম্ভব হয়।
শিশুটির তেমন কোনও শারীরিক আঘাত লাগেনি, এবং পরিবারের সকলে আপাতত স্বস্তিতে।