একটি বিড়ালকে অনুসরণ করতে করতে সে দুধের পাত্রের কাছে পৌঁছয়। হঠাৎ হোঁচট খেয়ে সে সরাসরি ফুটন্ত দুধের মধ্যে পড়ে যায়।

শিশুটির নাম অক্ষিতা
শেষ আপডেট: 26 September 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: মায়ের চোখের একটু আড়াল হতেই দুর্ঘটনা। ফুটন্ত দুধের হাঁড়িতে পড়ে মৃত্যু (Boiling Milk Accident) হল মাত্র ১৭ মাসের এক শিশুর (Toddler Death)। গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হল তার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অনন্তপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম অক্ষিতা। তার মা কৃষ্ণাভেনী বুক্কারায়াসামুদ্রাম গ্রামের অম্বেডকর গুরুকুল স্কুলে সেবা সুপ্রিম এজেন্সির হয়ে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন। ঘটনার দিন তিনি মেয়েকে সঙ্গে নিয়ে স্কুলের রান্নাঘরে গিয়েছিলেন। সেখানে ছাত্রছাত্রীদের জন্য প্রস্তুত করা গরম দুধ ছাদের ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য রাখা ছিল।
স্কুল প্রাঙ্গণের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষ্ণাভেনী মেয়েকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যান এবং পরে ফের ঢোকেন। কিছুক্ষণের মধ্যেই অক্ষিতা একা একা রান্নাঘরে ফিরে আসে। একটি বিড়ালকে অনুসরণ করতে করতে সে দুধের পাত্রের কাছে পৌঁছয়। হঠাৎ হোঁচট খেয়ে সে সরাসরি ফুটন্ত দুধের মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সারা শরীরে গুরুতর ক্ষত তৈরি হয় ছোট্ট মেয়েটির।
মেয়ের চিৎকার শুনে তার মা দৌড়ে এসে তাকে দুধের পাত্র থেকে টেনে বের করেন এবং দ্রুত অনন্তপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাকে কুর্নুল সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসার মাঝেই মৃত্যু হয় ছোট্ট অক্ষিতার।
এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এখানে কারও গাফিলতি রয়েছে কিনা তাও সন্দেহের বাইরে নেই। তদন্ত চলছে।