বিহারের পাণ্ডারক স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু, গুরুতর জখম আরেকজন। মৃতরা নালন্দা জেলার বাসিন্দা।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 September 2025 23:18
দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারতের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল একই পরিবারের তিনজন। গুরুতর জখম হয়েছেন পরিবারের আরও এক সদস্য। ঘটনা বিহারের।
তিলক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন নালন্দা জেলার তাপাদার গ্রামের ওই পরিবারটি। শুক্রবার বিকেল ৫টা নাগাদ বার সাবডিভিশনের পাণ্ডারক স্টেশনের কাছে লাইন পার হচ্ছিলেন। দ্রুত গতিতে থাকা বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই টুকরো টুকরো হয়ে যায় তিনজনের দেহ।
মৃতদের নাম রবীন্দ্র মাঞ্জির ছেলে জিতু মাঞ্জি (২৪), জওহর মাঞ্জির ছেলে নাগু মাঞ্জি (২৫) এবং সওদাগর মাঞ্জি (প্রয়াত)-র ছেলে ঋতলাল মাঞ্জি (৬০)। গুরুতর জখম হয়েছেন ঋতলালের ভাই জগলাল মাঞ্জি (৫০)। দুর্ঘটনায় তাঁর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (PMCH)।
স্থানীয়রা জানিয়েছেন, ধাক্কা এতটাই প্রবল ছিল যে, মৃতদের চিহ্নিত করতেও সমস্যা হচ্ছিল। মুহূর্তে ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে রেল পুলিশও পৌঁছয়।
পাণ্ডারক থানার ওসি নবনীত রাই জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাওয়া হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।