পুলিশ জানিয়েছে, সকল আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি যাত্রীদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য আরেকটি বাসের ব্যবস্থা করা হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 September 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: চারধাম যাত্রায় (Chardham yatra) বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (road accident in Hoogly) প্রাণ গেল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার ভোরে হুগলির গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে আসছিল ওই বাস। ৫৬ জন যাত্রী নিয়ে বাসটি সোমবার রাতে ঝাড়খণ্ডের দেওঘর হয়ে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দিয়েছিল। ভোরের দিকে গুড়াপের বশিপুর এলাকায় বাসটি সামনের একটি লরির পিছনে ধাক্কা মারে। বাসের গতি বেশি থাকায় ধাক্কার পর সেটি লরিটিকে বেশ কিছুটা দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। বাসের সামনের অংশ মুহূর্তে পুরো দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় গুড়াপ থানার পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, সেখানেই এক যাত্রীর মৃত্যু হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান, ভোররাতে চালকের ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, সকল আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি যাত্রীদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য আরেকটি বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার ব্যবস্থা খতিয়ে দেখেন।