শুধু বিধানসভা ভবনই নয়, কাছের মেট্রো স্টেশনকেও সম্ভাব্য নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে গোটা এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ও পুলিশ বাহিনী তল্লাশি শুরু করেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 March 2026 11:18
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ফের বোমাতঙ্ক (Delhi Assembly Bomb Threat)। এবার বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি, তাও আবার বাজেট পেশের দিনেই। মঙ্গলবার সকালে পরপর দুটি ই-মেল পৌঁছতেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। সঙ্গে সঙ্গেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী জুড়ে (Delhi Blast Incident)।
সূত্রের খবর, সকাল সাড়ে সাতটা নাগাদ বিধানসভার দফতরে প্রথম হুমকির বার্তা আসে। তার কিছুক্ষণ পরই স্পিকারের সরকারি ই-মেলেও একই ধরনের বার্তা পৌঁছয়। বার্তায় স্পষ্ট করে বিস্ফোরণের আশঙ্কার কথা বলা হয়েছে, যা ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।
শুধু বিধানসভা ভবনই নয়, কাছের মেট্রো স্টেশনকেও সম্ভাব্য নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে গোটা এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ও পুলিশ বাহিনী তল্লাশি শুরু করেছে।
হুমকি বার্তায় একাধিক শীর্ষ নেতার নামও উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী থেকে শুরু করে দিল্লির প্রশাসনিক শীর্ষ পদাধিকারীদের নাম রয়েছে তালিকায়। মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও আলাদা করে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।
বার্তার ভাষা ছিল উস্কানিমূলক। সেখানে বিচ্ছিন্নতাবাদী এক দাবির সমর্থনের কথাও উঠে এসেছে বলে সূত্রের দাবি। পাশাপাশি একটি সংগঠনের নাম করে দিল্লির প্রশাসনিক নেতৃত্বকে নিশানা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ঘটনার পরই তদন্তে নেমেছে নিরাপত্তা সংস্থাগুলি। ই-মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।
প্রাথমিকভাবে এই হুমকি কতটা বাস্তব, তা যাচাই করে দেখা হচ্ছে। তবে কোনও ঝুঁকি না নিয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর নিরাপত্তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হলেও প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
সাম্প্রতিক কালে দিল্লিতে একাধিক স্কুলে হুমকি মেল এসেছে। তাছাড়া একাধিক হাসপাতালেও এমন বোমাতঙ্ক ছড়ায়। কয়েক মাস আগে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার রেশ তো এখনও রয়েছে। তার মধ্যে ফের বিধানসভায় বোমাতঙ্ক ছড়ানোয় প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে বেশ কয়েকগুণ।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি পাঁচটি স্কুলে একই ধরনের ইমেল আসে। তার একদিন আগে দ্বারকা আদালত চত্বর উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া যায়। এমনকি সংসদ ভবন উড়িয়েও দেওয়ার কথা উল্লেখ ছিল এক ইমেলে।
ফেব্রুয়ারি মাসে দিল্লির ১৩টি স্কুলে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। ইমেলে লেখা ছিল, দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ওই সপ্তাহের শেষে রাজধানীর আরও তিনটি স্কুলে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ে।
বারবার হুমকি মেল এলেও এখনও পর্যন্ত তার উৎস চিহ্নিত করতে পারেনি দিল্লি পুলিশ (Delhi Police)। তদন্ত চলছে কিন্তু কে বা কারা এই আতঙ্ক ছড়াচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তাতে আরও বেশি উদ্বেগ বাড়ছে।