৬২ বছরের এক বৃদ্ধকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বর্তমানে বৃদ্ধ ওই সহপাঠী সহ দুজনকে।

জখম ভিজে বাবু।
শেষ আপডেট: 10 June 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস ফোরে স্কুলে বন্ধুর হাতে মার খাওয়ার প্রতিশোধ তুললেন এক সহপাঠী। তবে মাঝে কেটে গিয়েছে ৫০টি বছর। ৬২ বছরের এক বৃদ্ধকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বর্তমানে বৃদ্ধ ওই সহপাঠী সহ দুজনকে। কেরলের কাসরগোড় জেলায় এরকমই আশ্চর্য ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, ৫০ বছর আগে ছেলেবেলার বচসার কারণে এটা ঘটে।
বালকৃষ্ণন এবং ম্যাথু বলিয়াপলাক্কাল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে ভিজে বাবু নামে একজনকে মারধরের অভিযোগে। বাবু ও বালকৃষ্ণন প্রাক্তন সহপাঠী ছিলেন। বর্তমান মারামারির ঘটনাটি ঘটে গত ২ জুন। তার কয়েকদিন আগে বন্ধুরা নিজের মতো করে একটি রিইউনিয়ন করেছিলেন। সেখানেই ফের দুজনের দেখা হয়েছিল।
এফআইআরে অভিযোগ করা হয়েছে, বালকৃষ্ণন বাবুকে মারধর করেন ক্লাস ফোরে পড়ার সময় একটি বচসাকে কেন্দ্র করে। রিইউনিয়নেই বাবু ও বালকৃষ্ণনের মধ্যে নতুন করে বিষয়টি নিয়ে ঝগড়া শুরু হয়েছিল। কিন্তু, অন্যদের মধ্যস্থতায় তখনকার মতো বিষয়টি থেমে যায়।
কিন্তু, প্রতিশোধের আগুন নেভেনি বালকৃষ্ণনের মন থেকে। তিনি ম্যাথুকে সঙ্গে নিয়ে বাবুর মোকাবিলা করেন গত ২ জুন। অভিযোগ, দুজনে মিলে বাবুকে জিজ্ঞাসা করেন যে, কেন তিনি ক্লাস ফোরে বালকৃষ্ণনকে মেরেছিলেন? সেই বিবাদে তাঁরা দুজন মিলে বাবুর উপর হামলা চালান। পুলিশ জানিয়েছে, বালকৃষ্ণন বাবুর কলার চেপে ধরেন। আর ম্যাথু একটি ঢিল বা পাথর দিয়ে বাবুর মুখে-পিঠে আঘাত করেন।
জখম অবস্থায় বাবু বর্তমানে কান্নুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারী বন্ধুর বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় আচমকা চড়াও হওয়া, আঘাত করা ইত্যাদি মামলা চালু করেছে।