জগদীপ ধনকড়ের পদত্যাগে রাজনৈতিক মহলে উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে। যদিও সরকারি তরফে এখনও পর্যন্ত এ নিয়ে অতিরিক্ত কিছু জানানো হয়নি।

শেষ আপডেট: 21 July 2025 23:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতের উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের আকস্মিক পদত্যাগে (Vice President Jagdeep Dhankar resigns) অবাক গোটা রাজনৈতিক মহল। এই ইস্তফাকে "অবাক করা ও ব্যাখ্যাতীত" বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
সোমবার রাতে উপ-রাষ্ট্রপতির পদ থেকে আচমকাই ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar resigns)। এদিন রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সভাপতিত্ব করার কয়েক ঘণ্টা পরই তিনি পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্য সংক্রান্ত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ধনকড় নিজেই।
পরে সোমবার রাতে জয়রাম বলেন, “আজ বিকেল ৫টা নাগাদ আমি এবং আরও কিছু সাংসদ উপ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। এমনকি সন্ধ্যা সাড়ে ৭টাতেও ফোনে কথা হয়েছে তাঁর সঙ্গে। এর কিছুক্ষণের মধ্যেই পদত্যাগের খবর! নিঃসন্দেহে ধনকড়জি নিজের স্বাস্থ্যের দিকেই অগ্রাধিকার দিচ্ছেন, সেটাই হওয়া উচিত। কিন্তু এই সম্পূর্ণ অপ্রত্যাশিত পদত্যাগের পেছনে আরও কিছু বিষয় রয়েছে—এটা স্পষ্ট। যদিও এখন জল্পনার সময় নয়।”
জয়রাম রমেশ আরও বলেন, মঙ্গলবার দুপুর ১টায় সংসদের ব্যবসা উপদেষ্টা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। তা রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে জগদীপ ধনকড়ই ডেকেছিলেন। বিচারব্যবস্থাকে নিয়ে কিছু বড় ঘোষণা করার কথাও ছিল তাঁর। সেই প্রেক্ষিতে তাঁর এই আকস্মিক সরে দাঁড়ানো আরও বিস্ময়ের জন্ম দিচ্ছে।
কংগ্রেস সাধারণ সম্পাদকের কথায়, “ধনকড়জি সরকার ও বিরোধীপক্ষ—দু’পক্ষকেই কঠোরভাবে দায়বদ্ধ রাখতে চেয়েছেন। আমরা তাঁর সুস্থতা কামনা করি। একইসঙ্গে অনুরোধ করি, তিনি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। প্রধানমন্ত্রীকেও অনুরোধ করি, জাতীয় স্বার্থে তাঁকে এই সিদ্ধান্ত থেকে ফেরানো হোক। বিশেষত কৃষকসমাজ এই সিদ্ধান্ত বদলে স্বস্তি পাবে।”
জগদীপ ধনকড়ের পদত্যাগ ঘিরে আপাতত রাজনৈতিক মহলে উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে। যদিও সরকারি তরফে এখনও পর্যন্ত এ নিয়ে অতিরিক্ত কিছু জানানো হয়নি।