সম্প্রতি এডওয়ার্ড দেখা করেন আইআইটি হায়দরাবাদের ডিরেক্টর প্রফেসর বি এস মূর্তি-র সঙ্গে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল

এডওয়ার্ড নাথান ভার্গিস
শেষ আপডেট: 6 January 2026 18:29
দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় পাড়ায় তাকে বন্ধুরা হয়তো ক্ষ্যাপাতো.. এই ছেলেটা ভেল ভেলেটা। বড় হয়ে সেই ছেলেটাই যে ভেল্কি দেখালো..পাড়ার সবারই গর্বে বুক ভরে যাচ্ছে। আইআইটি হায়দরাবাদের (IIT Hyderabad) ইতিহাসে নতুন মাইলফলক। ক্যাম্পাস প্লেসমেন্টে রেকর্ড ২.৫ কোটি টাকা বার্ষিক প্যাকেজ পেয়ে প্রতিষ্ঠানের গর্ব হয়ে উঠলেন চূড়ান্ত বর্ষের ছাত্র এডওয়ার্ড নাথান ভার্গিস (Edward Nathan Varghese)। এই ঐতিহাসিক সাফল্যের পর সম্প্রতি এডওয়ার্ড দেখা করেন আইআইটি হায়দরাবাদের ডিরেক্টর প্রফেসর বি এস মূর্তি-র সঙ্গে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল (Viral)।
আইআইটি হায়দরাবাদের (IIT Hydrabad) অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ডিরেক্টরের সঙ্গে কথা বলছেন এডওয়ার্ড। প্রফেসর মূর্তি তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্যে গোটা প্রতিষ্ঠান গর্বিত। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম এত বড় প্যাকেজ পেল কোনও ছাত্র—যা আইআইটি হায়দরাবাদের জন্য এক ঐতিহাসিক অধ্যায়।
ভিডিওতে আবেগপ্রবণ এডওয়ার্ড জানান, এমন ফলাফল তিনি নিজেও আশা করেননি। তাঁর কথায়, “এই যাত্রায় শিক্ষকদের ভূমিকা, একাডেমিক পরিবেশ এবং পুরো ক্যাম্পাসের সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে।” তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান আইআইটি হায়দরাবাদের শিক্ষকমণ্ডলী ও সহায়ক শিক্ষাব্যবস্থাকে।
ইনস্টিটিউটের তরফে পোস্ট করা ক্যাপশনে লেখা হয়, “পরিশ্রম থেকে ২.৫ কোটি টাকার মাইলফলক—ডিরেক্টর প্রফেসর বি এস মূর্তির সঙ্গে দেখা করে নিজের যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নিলেন এডওয়ার্ড নাথান ভার্গিস।”
জানা গিয়েছে, নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক ট্রেডিং ফার্ম অপটিভার (Optiver) -এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন এডওয়ার্ড। আগামী জুলাই মাস থেকেই শুরু হবে তাঁর নতুন পেশাগত অধ্যায়।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এডওয়ার্ড জানান, Optiver-ই ছিল তাঁর প্রথম এবং একমাত্র ইন্টারভিউ। “যখন আমার মেন্টর জানালেন যে সংস্থা আমাকে অফার দিতে চলেছে, সেই মুহূর্তটা আজও ভুলতে পারি না। আমার বাবা-মাও ভীষণ খুশি ছিলেন,” বলেন তিনি।প্রস্তুতির প্রসঙ্গে এডওয়ার্ড জানান, প্রথম বর্ষ থেকেই তিনি কম্পিটিটিভ প্রোগ্রামিং-এ যুক্ত ছিলেন এবং দেশের সেরা ১০০ জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছিলেন।
এডওয়ার্ডের মতে, আইআইটি হায়দরাবাদের ফ্লেক্সিবল কারিকুলাম তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি। বিভিন্ন ধরনের কোর্স নেওয়ার সুযোগ, বাস্তবমুখী শিক্ষা এবং আগেই পাওয়া PPO (Pre-Placement Offer)—সব মিলিয়ে ইন্টারভিউ ক্র্যাক করা অনেক সহজ হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এডওয়ার্ডের বাবা-মা দু’জনেই পেশায় ইঞ্জিনিয়ার। এই সাফল্য শুধু এক ছাত্রের নয়—IIT হায়দরাবাদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতি ও শিক্ষার মানেরও বড় প্রমাণ।