এই তালিকা প্রকাশের পরই বাংলার ভোটার তালিকা নিয়েও কৌতূহল বেড়ে গেল। কারণ, পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ আগামী শনিবার বা ২৮ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা চলছে। যদিও চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে শীর্ষ আদালতই নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, কোনও সমস্যা দেখা দিলে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন।

ফাইল ছবি
শেষ আপডেট: 23 February 2026 16:47
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Elections Tamilnadu) আগে তামিলনাড়ুতে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (Tamilnadu SIR) শেষে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। এই প্রক্রিয়ার জেরে বাদ পড়েছে ৭৪ লক্ষেরও বেশি নাম। সোমবার চেন্নাইয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক এই তথ্য জানান।
তাঁর বক্তব্য অনুযায়ী, সংশোধনের পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ২ কোটি ৭০ লক্ষ, মহিলা ভোটার ২ কোটি ৮০ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭,৬১৭ জন।
রাজ্য নির্বাচন দফতরের তথ্য বলছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নাম ছিল ৬ কোটি ৪০ লক্ষ মানুষের। এসআইআর প্রক্রিয়ার গণনা পর্ব শেষ হওয়ার পর ১৯ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়ায় ৫ কোটি ৪০ লক্ষে।
এর পর ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়। ওই সময়ে ২৭ লক্ষ ৫৩ হাজার যোগ্য ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি ৪ লক্ষ ২৩ হাজার অযোগ্য নাম বাদ দেওয়া হয়। এই সংযোজন ও বিয়োজনের পর ২৩ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, যেখানে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৬০ লক্ষে স্থির হয়েছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কোয়েম্বাটুর জেলায় ভোটারের সংখ্যা ২৬ লক্ষ ৯০ হাজার। চেঙ্গলপট্টু জেলায় রয়েছে ২২ লক্ষ ৬০ হাজার ৩৬ জন ভোটার। রামনাথপুরম জেলায় মোট ভোটার ১১ লক্ষ ২৩ হাজার ২৯ জন। তিরুভাল্লুর জেলায় ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৫৭ হাজার ৪১৩।
নতুন এই তালিকাই ব্যবহার করা হবে আসন্ন বিধানসভা নির্বাচনে। নির্বাচন কমিশনের দাবি, সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা সম্ভব হয়েছে।
এই তালিকা প্রকাশের পরই বাংলার ভোটার তালিকা (West Bengal SIR Final Voter List) নিয়েও কৌতূহল বেড়ে গেল। কারণ, পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ আগামী শনিবার বা ২৮ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা চলছে। যদিও চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে শীর্ষ আদালতই নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, কোনও সমস্যা দেখা দিলে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন।