সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়েছে হৃদয়বিদারক কিছু দৃশ্য। হাসপাতালে এক অসহায় বাবাকে দেখা গেছে মৃত সন্তানকে কোলে নিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 28 September 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের (Tamil Nadu Stampede)। নিহতদের মধ্যে রয়েছে ১০ জন শিশু। তাদের মধ্যে একজনের বয়স ২ বছর। এছাড়া বেশ কয়েকজন মহিলাও প্রাণ হারিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়েছে হৃদয়বিদারক কিছু দৃশ্য। হাসপাতালে এক অসহায় বাবাকে দেখা গেছে মৃত সন্তানকে কোলে নিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে। আবার এক মা, সন্তানের মৃত্যু হয়েছে জেনেও তাকে বুকে আঁকড়ে ধরে অশ্রুসিক্ত হয়ে কাঁদছেন- এই দৃশ্য দেশকে স্তম্ভিত করেছে।
নিহত শিশুদের নাম- সাই জিবা (৪), গুরু বিষ্ণু (২), কির্থিক (৭), পাজহানিওম্মল (১১), হেমলতা (৮), শৈলেতসানা (৮), সনুজ (১৩), ধরনিকা (১৪), কোকিলা (১৪), কিশোর (১৭)।
যেসকল প্রাপ্তবয়স্করা দুর্ঘটনায় (Tamil Nadu Stampede) প্রাণ হারিয়েছেন তাঁদের পরিচয়ও জানা গেছে। তাঁদের নাম- থামারাইকন্নন (২৫), সুকন্যা (৩৩), আকাশ (২৩), ধনুশকুমার (২৪), ভারিভাজাগণ (৫৪), রেবতী (৫২), চন্দ্র (৪০), রমেশ (৩২), রবিকৃষ্ণণ (৩২), প্রিয়দর্শীনি (৩৫), মহেশ্বরী (৪৫), মালতী (৩৬), সুমতী (৫০), মণিকন্দন (৩৩), সতীশকুমার (৩৪), আনন্দ (২৬), শঙ্কর গণেশ (৪৫), বিজয়রানি (৪২), গোকুলপ্রিয়া (২৮), ফতিমা বানু (২৯), অরুক্কানি (৬০), জয়ন্তী (৪৩)।
আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে অভিনেতা 'থালাপতি' বিজয়ের প্রতিষ্ঠিত দল 'টিভিকে'। তার আগে শনিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় কার্যত চাপের মুখে পড়েছেন তারা।
সরকারি সূত্রে খবর, পৌনে একটা থেকে সভা শুরু হওয়ার কথা থাকলেও বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে মঞ্চে যান। এদিকে দুপুর থেকেই মহিলা ও শিশু-সহ অনুরাগীরা সভাস্থলে ভিড় করতে শুরু করেছিলেন। এমনকি জল ও খাবারের ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ। ফলে প্রচণ্ড ভিড়ে গরমে অনেকেই জ্ঞান হারান।
অভিযোগ, সমর্থকরা পুলিশের নির্দেশ অমান্য করেই বিজয়ের গাড়ি অনুসরণ করে মঞ্চের দিকে এগিয়ে এসেছিলেন। এমনকি বিজয় যখন কথা বলছিলেন সেই সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, কিন্তু তখনও টিভিকে প্রধান তাঁর বক্তৃতা জারি রেখেছিলেন। পাশাপাশি সভাস্থলে অ্যাম্বুলেন্সকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না বলে দাবি সরকারি সূত্রের।
বিজয়ের (Vijay) ‘প্রাইভেট লিমিটেড’ রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK) রবিবারই মাদ্রাজ হাইকোর্টে একটি আর্জি দাখিল করেছে। তাতে দল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। আইনি সংবাদমাধ্যম লাইভ ল জানাচ্ছে, হাইকোর্ট জরুরি আবেদনকে মান্যতা দিয়েছে। পদপিষ্টের ঘটনায় হাইকোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন করেছে বিজয়ের দল। টিভিকে-র অভিযোগ, পদপিষ্টের ঘটনায় চক্রান্ত রয়েছে। তাই তারা মনে করে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।