দিল্লির তাজ প্যালেস হোটেলে বোমার হুমকি-ইমেল ঘিরে তৎপর দিল্লি পুলিশ। হোটেল চত্বরে শুরু হয়েছে নিরাপত্তা তল্লাশি। এর আগেও দিল্লি হাই কোর্ট, মুখ্যমন্ত্রীর সচিবালয় ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে একই ধরনের হুমকি মেল এসেছিল।
_0.jpeg.webp)
তাজ দিল্লি
শেষ আপডেট: 13 September 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে হোটেল। দিল্লি হাইকোর্টের পর এবার দিল্লির তাজ প্যালেসে হুমকি-ইমেল। ঘটনায় চাঞ্চল্য রাজধানীতে। তড়িঘড়ি হোটেল চত্বর ঘিরে ফেললেন দিল্লি পুলিশের নিরাপত্তা কর্মীরা। বম্ব ডিসপোজাল স্কোয়াড মোতায়েন করে শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ইমেলের উৎস ও সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কী লেখা ছিল সেই হুমকি বার্তায়, তার বিস্তারিত এখনও জানা যায়নি।
এর আগে শুক্রবার দিল্লি হাইকোর্টে বোমার হুমকি ইমেল ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। আদালতের বিচারক, আইনজীবী ও কর্মচারীদের তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় শুনানি। তল্লাশিতে মেলে না কোনও সন্দেহজনক বস্তু। হুমকিকে ভুয়ো বলেই ঘোষণা করে দিল্লি পুলিশ। সাইবার টিম সেই ইমেলেরও উৎস খুঁজছে।
এখানেই শেষ নয়, সপ্তাহের শুরুতেই বোমার হুমকি পৌঁছেছিল দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে। সেখানেও দমকল, বম্ব-ডিটেকশন টিম ও অ্যান্টি-সাবোটাজ বাহিনী তল্লাশি চালায়। নিরাপত্তা নিশ্চিত করার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাথমিক তদন্তে ইমেলটির আসল গন্তব্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে একটিও হুমকি হালকাভাবে নিচ্ছে না কর্তৃপক্ষ।
দিল্লিজুড়ে সম্প্রতি বাড়ছে ভুয়ো বোমা-হুমকির প্রবণতা। স্কুল থেকে শুরু করে জনবহুল সরকারি প্রতিষ্ঠান, সব জায়গাতেই পাঠানো হচ্ছে ভয় দেখানো ইমেল। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ট্র্যাফিক পুলিশ ও স্পেশ্যাল সেল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হুমকি ভুয়ো হলেও, প্রতিটি ঘটনার তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেই দিকেও কড়া নজর দেওয়া হচ্ছে।