এই তদন্ত প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টেই মামলা করেন বিচারপতি যশবন্ত বর্মা। তাঁর অভিযোগ, তদন্ত কমিটি স্বচ্ছতা মানেনি। তাঁকে নিজের বক্তব্য জানানোর পূর্ণ সুযোগ দেওয়া হয়নি, জেরা করা হয়নি সাক্ষীদেরও।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 26 July 2025 21:06
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি নগদকাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি যশবন্ত বর্মা (Justice Yashwant Varma's plea)। তিন বিচারপতির তদন্ত কমিটির বিরুদ্ধেই অভিযোগ তাঁর। সোমবার এই মামলার শুনানি। তবে প্রধান বিচারপতি বি আর গভাই আগেই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এখন প্রশ্ন, বিচারপতি বর্মার মামলা শুনবেন কে? মিলল এর উত্তর। আগামিকাল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্র বেঞ্চে শুনানি হবে।
গত মার্চ মাস বিচারপতি বর্মার দিল্লির সরকারি আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুন নেভাতে গিয়ে উদ্ধার হয় বহু পোড়া নোট। এরপরই তাঁকে এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) বদলি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয় একটি তিন সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। মে মাসে সেই কমিটি তাদের মুখবন্ধ রিপোর্টে দাবি করে, বিচারপতি বর্মার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা তাঁর অপসারণের জন্য যথেষ্ট।
তবে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টেই মামলা করেন বিচারপতি যশবন্ত বর্মা। তাঁর অভিযোগ, তদন্ত কমিটি স্বচ্ছতা মানেনি। তাঁকে নিজের বক্তব্য জানানোর পূর্ণ সুযোগ দেওয়া হয়নি, জেরা করা হয়নি সাক্ষীদেরও। এমনকি অভিযোগ ওঠে, প্রমাণের দায় তাঁর ওপর চাপিয়ে দিয়ে তদন্তকারীরা কেবল অনুমানের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছেন।
এই মামলার শুরুতে প্রধান বিচারপতি বিআর গাভাই (CJI Gavai) নিজেই এই বেঞ্চের অংশ ছিলেন। কিন্তু যেহেতু তিনি ওই তদন্ত কমিটির সদস্য ছিলেন, তাই স্বেচ্ছায় নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেন। এরপর নতুন বেঞ্চ গঠন করা হয়। এখন সেই বেঞ্চেই শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি।
বিচারপতি বর্মার হয়ে এই মামলায় আইনজীবী কপিল সিব্বল আদালতে জরুরি শুনানির আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই মামলাটি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়। আদালতের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে এই মামলার নিয়মিত শুনানি শুরু হবে।