কর্ণালে বিজেপির নতুন পার্টি অফিসের জন্য ৪০টি গাছ কেটে রাস্তা চওড়া করায় হরিয়ানা সরকারকে তীব্র ধমক দিল সুপ্রিম কোর্ট।

ফাইল চিত্র
শেষ আপডেট: 27 November 2025 08:12
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা সরকার (Haryana Government) কর্ণালে (Karnal) বিজেপি-র (BJP) নতুন পার্টি অফিসের জন্য রাস্তা চওড়া করতে প্রায় ৪০টি গাছ কেটে ফেলায় বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) তীব্র সমালোচনার মুখে পড়তে হল তাদের। বিচারপতিরা এই ঘটনাকে "জঘন্য" বলে অভিহিত করেছেন এবং এর জন্য কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া প্রাক্তন সেনা জওয়ান কর্নেল দাবিন্দর সিং রাজপুত (Colonel Davinder Singh Rajput) (বীর চক্র) এই ঘটনার বিরুদ্ধে প্রথমে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন। সেটি খারিজ হয়ে যাওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ৭৯ বছর বয়সী রাজপুতের অভিযোগ, যাবতীয় আইন লঙ্ঘন করে হরিয়ানা সরকার কর্নালের একটি আবাসিক এলাকায় পার্টি অফিস করার জন্য বিজেপিকে জমি দিয়েছে।
তাঁর অভিযোগ, HSVP (পূর্বে HUDA)-এর থেকে কেনা জমির পাশে থাকা ১০০ মিটার দীর্ঘ গ্রিন বেল্টের (Green Belt) মধ্যে ১০ মিটার চওড়া রাস্তা বানানোর জন্য সংশ্লিষ্ট সংস্থা ৪০টি গাছ কেটে ফেলেছে। এই গ্রিন বেল্টের জন্যই ৩৬ বছর আগে তিনি 'প্রেফারেনশিয়াল লোকেশন চার্জ' দিয়েছিলেন।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ শুনানিতে হরিয়ানা সরকার এবং নগরোন্নয়ন সংস্থাকে তীব্র ভর্ৎসনা করে। তাঁরা প্রশ্ন তোলেন, "এভাবে গাছ কেটে ফেললেন কেন? গাছগুলোর কী হলো? রাজনৈতিক দলের পার্টি অফিস অন্য কোথাও করা যেত না?"
হরিয়ানা সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, প্রয়োজনীয় সব অনুমতি নিয়ে এবং পরিবেশ বিধি মেনেই কাজ করা হয়েছে এবং যতগুলি গাছ কাটা হয়েছে, সমপরিমাণ গাছ লাগানো হবে।
তবে এই জবাবে সন্তুষ্ট না হয়ে বিচারপতিরা পাল্টা প্রশ্ন করেন, "৪০টি গাছের ক্ষতি কীভাবে পূরণ হবে? এর ব্যাখ্যা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
বিচারপতিরা স্পষ্ট করে দেন, এই ঘটনায় সবাইকে জবাবদিহি করতে হবে। তাঁরা ১৯৭৭ সালের হরিয়ানা আরবান ডেভেলপমেন্ট অ্যাক্ট এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের নিয়ম লঙ্ঘনের বিষয়টিও খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন।