সোমবার শীর্ষ আদালতকে জানানো হয়, দিল্লি ও এনসিআর এলাকার বায়ুদূষণ পরিমাপক স্টেশন ও নজরদারি ব্যবস্থাগুলির অধিকাংশই এখন কাজ করে না।

সোমবার সকালে দিল্লির বায়ুদূষণের সূচক ছিল ৩১৬।
শেষ আপডেট: 3 November 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির দূষণ নিয়ে ফের সুপ্রিম কোর্টের ধমক। দেওয়ালির রাত থেকে রাজধানীর বায়ুদূষণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সোমবার শীর্ষ আদালতকে জানানো হয়, দিল্লি ও এনসিআর এলাকার বায়ুদূষণ পরিমাপক স্টেশন ও নজরদারি ব্যবস্থাগুলির অধিকাংশই এখন কাজ করে না। রাজধানীর দূষণ নিয়ে আদালত বান্ধব অপরাজিতা সিং এদিন প্রশ্ন তুলে জানতে চান, যেখানে দূষণ সংক্রান্ত ডেটাই মিলছে না, সেখানে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) কীভাবে প্রয়োগ করা হবে।
আদালত বান্ধব বলেন, দূষণের স্তর বাড়তে থাকায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে (CPCB) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। বিপদের সীমা ছাড়িয়ে যাওয়ার আগে ওদের কাজে নামা জরুরি। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন, দিল্লির বেশ কিছু দূষণের মান পর্যবেক্ষণ কেন্দ্র অকেজো হয়ে পড়ে রয়েছে।
কৌঁসুলি বলেন, দেওয়ালির দিন ৩৭টি কেন্দ্রের মধ্যে ৯টি সচল ছিল। বিভিন্ন সংবাদ বলছে, মনিটরিং স্টেশনগুলি বিকল হয়ে রয়েছে। যদি কেন্দ্রগুলিই কাজ না করে, তাহলে কী করে গ্র্যাপ কাজ করবে, তা বুঝতে পারছি না। ওদেরই বলা উচিত বর্তমান পরিস্থিতি কী, প্রশ্ন তোলেন অপরাজিতা সিং।
এর জবাবে প্রধান বিচারপতি বিআর গাভাই সিএকিউএম এবং সিপিসিবি-কে বায়ুদূষণ নিয়ে কী কী পদক্ষেপ হয়েছে তা জানতে চান। দিল্লির পরিস্থিতি যাতে আরও ভয়ানক না হয়ে ওঠে, তার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এদিন দিল্লির বায়ুদূষণের সূচক অতি খারাপ স্তরে ছিল। সোমবার সকালে দিল্লির বায়ুদূষণের সূচক ছিল ৩১৬। ২৮টি মনিটরিং স্টেশনেই দূষণের মাত্রা খুব খারাপ স্তরে ছিল।