অফিস কর্তৃপক্ষ জানিয়ে দিল, আজ আর তৈরি হওয়ার দরকার নেই। আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

ছুটি কাটিয়ে বেঙ্গালুরু বিমানবন্দর বা স্টেশনে নেমে ফোন খুলতেই ঢুকছে একই ধরনের ছাঁটাই বার্তা।
শেষ আপডেট: 3 November 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: অফিসে বেরনোর জন্য আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই টেক্সট মেসেজ। এক মিনিট পর ফের একটা। সূর্যের রোদ তখনও দাঁত মেজে বিছানার উপর এসে পড়েনি। অফিস কর্তৃপক্ষ জানিয়ে দিল, আজ আর তৈরি হওয়ার দরকার নেই। আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এই পদ্ধতিতে কর্মী ছাঁটাই চলছে অ্যামাজনে। অ্যামাজন কর্মীরা ঘুম থেকে উঠেই একটি টেক্সট মেসেজ পাচ্ছেন। যাতে জানিয়ে দেওয়া হচ্ছে, কোম্পানির খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হয়েছে। ভোর হওয়ার আগেই এই মেসেজ এসে বসে থাকছে। এমনকী ছুটি কাটিয়ে বেঙ্গালুরু বিমানবন্দর বা স্টেশনে নেমে ফোন খুলতেই ঢুকছে একই ধরনের ছাঁটাই বার্তা।
বিশ্বের সর্ববৃহৎ কর্মসংস্থা অসংখ্যা বিভাগের ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করছে, এমন খবর আগেই প্রকাশিত হয়েছিল। বেশ কয়েকটি স্ক্রিনশটে এই সত্যতা ধরা পড়েছে। অ্যামাজন ছাঁটাই করা কর্মীদের দুটি করে মেসেজ পাঠাচ্ছে। এক মিনিটের মধ্যে দুটি মেসেজ ঢুকছে কর্মীর মোবাইলে। প্রথমটিতে বলা হচ্ছে, অফিসে বেরনোর আগে আপনি আপনার ব্যক্তিগত অথবা কাজের ই-মেল চেক করুন। তারপরেই আসছে হেল্প ডেস্ক নম্বর দেওয়া একটি মেসেজ। তাতে লেখা, আপনি যদি ই-মেলের মেসেজ না পেয়ে থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। ই-মেল মেসেজ নোটিফিকেশন আসার কয়েক মুহূর্তের মধ্যে এই মেসেজ দুটি আসছে। যার অর্থ, তাড়াহুড়ো করে বেরনোর প্রয়োজন নেই, কারণ তাঁর পদ ও চাকরি গিয়েছে।
এইভাবে কর্মী ছাঁটাইয়ের ধরন নিয়ে অ্যামাজনের ভিতরে-বাইরে প্রবল আলোচনা চলছে। বিশেষ কর্পোরেট জগতের পুনর্গঠন নিয়ে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। গুগল এবং টেসলার মতো প্রধান টেক-দানব কোম্পানির ছাঁটাইয়ের পদ্ধতিগত দিক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এর সবগুলিতেই বিন্দুমাত্র সতর্কতাবাণী বা সজাগ থাকার বাণী না শুনিয়েই রাতারাতি চাকরি কেড়ে নেওয়া হচ্ছে।
বিষয়টিতে অবগত লোকজন বলছেন, বিভ্রান্তি দূর করতে এবং অফিসে এসে অপদস্থ হওয়ার অবস্থা দূর করতেই এই পদ্ধতি নেওয়ার কারণ। অভ্যন্তরীণ একটি মেসেজে অ্যামাজনের এইচআর প্রধান ছাঁটাই হওয়া কর্মীদের জানিয়েছেন, তাঁরা ৯০ দিনের বেতন ও অন্যান্য সুযোগসুবিধা পাবেন। এছাড়াও অন্য জায়গায় পরিবর্ত কাজের সুযোগ ও সুবিধাও তাঁদের দেওয়া হবে।
একজন এক্সবার্তায় লিখেছেন, আমার এক বন্ধু অ্যামাজনে চাকরি করত। সে ছুটিতে গিয়েছিল এবং সেখান থেকে বেঙ্গালুরুতে নামতেই ই-মেল পায়। দেওয়ালির আনন্দ ও বাড়িতে ছুটি কাটিয়ে ফিরে বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে ফোন খুলতেই মেসেজ ঢোকে। সে জানতে পারে অ্যামাজন তাকে ছাঁটাই করেছে। আর একজন এই এক্সবার্তায় মন্তব্যে লিখেছেন, আমার এক বন্ধু অ্যামাজনে কাজ করত। সম্প্রতি তাকে ভাল কাজের জন্য প্রমোশন দেয় কোম্পানি। আজই তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এইসব কোম্পানির কাছে কাজের কোনও মূল্য নেই।