ঘটনাটি দেশের সর্বোচ্চ আদালতের ভেতরে ঘটায় আইনজীবী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে।

গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 6 October 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এক নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের (CJI B.R. Gavai) দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন এক আইনজীবী। সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সংসদীয় দলনেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)।
সনিয়া এক বিবৃতিতে বলেন, “এই নিন্দনীয় ঘটনায় যে ধাক্কা লেগেছে, তা কেবল একজন ব্যক্তির প্রতি নয় — আমাদের সংবিধানের মূল ভাবনার প্রতিও এ এক সরাসরি আঘাত। সুপ্রিম কোর্টে বসেই প্রধান বিচারপতির উপর এমন আক্রমণের চেষ্টা গণতন্ত্রের মূল্যবোধের অপমান। বিচারপতি গাভাই অত্যন্ত সংযম ও শালীনতা দেখিয়েছেন। এখন গোটা দেশকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর পাশে দাঁড়াতে হবে — ক্রোধ ও বেদনায় ভরপুর হলেও সংবিধানের মর্যাদা রক্ষা করাটাই আসল কর্তব্য।”
কী ঘটেছিল আদালতে?
৭১ বছর বয়সি আইনজীবী রাকেশ কিশোর সোমবার সুপ্রিম কোর্টে মামলা উল্লেখের সময় হঠাৎই প্রধান বিচারপতির দিকে এগিয়ে এসে নিজের জুতো খুলে ছোড়ার চেষ্টা করেন। আদালতের নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ তাঁকে আটক করে বাইরে বের করে দেন। পরে জানা যায়, ওই আইনজীবী ‘খাজুরাহো মন্দির’ সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন। তিনি এক কাগজে লিখেছিলেন— “সনাতন ধর্মের অপমান সহ্য করবে না হিন্দুস্থান।”
ঘটনার পর যখন পুলিশ প্রধান বিচারপতির নির্দেশ জানতে চায়, তখন বিচারপতি গাভাই বলেন, “এসব উপেক্ষা করুন। ওঁকে সতর্ক করে ছেড়ে দিন।” তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আইনজীবীকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরপরই ভারতের বার কাউন্সিল আইনজীবী রাকেশ কিশোরকে আপাতত সাসপেন্ড করে জানিয়েছে, আদালতের শালীনতা লঙ্ঘনের জন্য এটি একটি গুরুতর অপরাধ।
ঘটনাটি দেশের সর্বোচ্চ আদালতের ভেতরে ঘটায় আইনজীবী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, সনিয়ার এই বিবৃতিও কৌশলগত। তিনি বোঝাতে চেয়েছেন, নিজেদের সনাতনী দাবি করে সমাজে যে অংশ উগ্র হিন্দুত্বের ধ্বজা তুলেছে তারা কতটা ক্ষতিকারক। দেশের বিচার ব্যবস্থা ও সাংবিধানিক গণতন্ত্রকে অপমান করতেও এরা ডরায় না।
প্রধান বিচারপতি নিজে যেমন বলেছিলেন, “এসব ঘটনায় আমরা বিভ্রান্ত হই না।” তেমনই রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে আহ্বান — বিচারব্যবস্থার মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।