প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, এই ঘটনায় বিচলিত হয়ে পড়ার কোনও কারণ নেই।

দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই।
শেষ আপডেট: 6 October 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) ইতিহাসে প্রায় বেনজির কাণ্ড। সোমবার দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে (CJI BR Gavai) জুতো নিয়ে আক্রমণের (Shoe Thrown) চেষ্টা করেন এক আইনজীবী। এদিন সকালে এজলাসে প্রধান বিচারপতি যখন আইনজীবীদের আনা মামলার সংক্ষিপ্ত বিবরণ শুনছিলেন, তখনই এক আইনজীবী তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার চেষ্টা করেন। যদিও প্রধান বিচারপতির গায়ে তা লাগেনি। এবং ঠান্ডা মাথায় এজলাসে থাকা আইনজীবীদের তাঁদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, এই ঘটনায় বিচলিত হয়ে পড়ার কোনও কারণ নেই। আপনাদের বিচলিত হওয়ার কারণ নেই। এসব ঘটনায় আমার উপর কোনও প্রভাব পড়ে না। এই ঘটনার সঙ্গে জড়িত এক আইনজীবীকে চিৎকার করে বলতে শোনা যায়, সনাতন কা অপমান নেহি সহেঙ্গে।
আইন বিষয়ক ইংরেজি সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চ এই খবর দিয়ে জানিয়েছে, ওই আইনজীবী প্রধান বিচারপতির ডায়াসের দিকে এগিয়ে যান। তারপর নিজের জুতো খোলার চেষ্টা করেন। যেন সেটা দিয়ে হামলা করবেন প্রধান বিচারপতি গাভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির নিরাপত্তা রক্ষীরা বুঝতে পেরে তাঁকে বাধা দেন।
নিরাপত্তা রক্ষীরাই ওই আইনজীবীকে ধরে এজলাসের বাইরে বের করে নিয়ে যান। তাঁকে যখন সরানোর চেষ্টা চলতে থাকে, তখন তিনি চিৎকার করে বলেন, সনাতনের অপমান সহ্য করব না। এই ঘটনার পিছনে মনে করা হচ্ছে প্রধান বিচারপতি গাভাইয়ের সাম্প্রতিক একটি মামলার বক্তব্যকে কেন্দ্র করে।
মধ্যপ্রদেশের খাজুরাহোর একটি মন্দিরে সাত ফুটের একটি ভগবান বিষ্ণুর মুণ্ডহীন মূর্তি নিয়ে আর্জি খারিজ করে দিয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তিনি বলেছিলেন, বিগ্রহকে গিয়ে জিজ্ঞাসা করুন কেন এই অবস্থা হয়েছে। আপনি বলেছেন যে, আপনি বিষ্ণু ভগবানের একনিষ্ঠ ভক্ত। তাহলে যান প্রার্থনা করুন। এটা একটি পুরাতাত্ত্বিক নিদর্শন এবং তার জন্য এএসআইয়ের অনুমতি লাগবে।
তাঁর এই মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই পড়ে যায়। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবাগে আঘাত করার অভিযোগ তোলেন অনেকেই। দুদিন পরে এই বিষয়ে ভরা আদালতে প্রধান বিচারপতি বলেন, আমি সব ধর্মকেই সম্মান করি। এটা হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। সরকারি কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহতাও প্রধান বিচারপতির পক্ষ নেন।