সোশ্যাল মিডিয়া সেনসেশন ও জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর এবার নামছেন রাজনীতির ময়দানে। সূত্রের খবর, নিজের গ্রাম ও রাজ্যের উন্নয়নের লক্ষ্যে বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মৈথিলী ঠাকুর
শেষ আপডেট: 7 October 2025 11:42
দ্য ওয়াল ব্যুরো: একদা প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সোশ্যাল মিডিয়ার সেনসেশন মৈথিলী ঠাকুরই দাঁড়াতে চলেছেন বিহার বিধানসভা নির্বাচনে। টিকিট পেতে পারেন নিজের এলাকা মধুবনির।
প্রধানমন্ত্রীর প্রশংসা, মৈথিলীর ভোটে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ ও শাস্ত্রীয় সংগীত যোগ নির্বাচনে লড়ার একটা জল্পনা তৈরি করেছিল আগেই। কিন্তু বিহার নির্বাচন না লোকসভা বা অন্য কিছু, সেবিষয়ে কারও সম্যক ধারণা ছিল না। ভিতরে ভিতরে সকলেই অঙ্ক মেলানোর চেষ্টা করছিলেন। সাপে বর হয়ে আসে বিজেপির বিহার–প্রভারি বিনোদ তাওড়ের দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে মৈথিলী ও তাঁর বাবার একটি বৈঠকের ছবি পোস্ট। দুয়ে দুয়ে চার করে নেন সকলে।
অনেকেই মনে করছেন খুব শীঘ্রই মৈথিলী বিজেপিতে যোগ দেবেন এবং তাঁকে মধুবনির টিকিট দেবে বিজেপি।
‘এক্স’-এ ওই ছবি পোস্ট করে বিনোদ তাওড়ে লেখেন, '১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদব ক্ষমতায় আসার পর বিহার ছেড়ে চলে গিয়েছিল যে পরিবারগুলি, সেই পরিবারের কন্যা, বিখ্যাত সংগীতশিল্পী মৈথিলী ঠাকুরজি এখন পরিবর্তিত বিহার দেখে ফিরতে চাইছেন।' এই বৈঠকে নিত্যানন্দ রায় ও তাওড়ে দু’জনেই মৈথিলিকে বিহারের মানুষের জন্য 'অবদান রাখার' ও তাঁদের 'আশা পূরণের' অনুরোধ জানান।
বিনোদ তাওড়ের পোস্ট এড়িয়ে যায়নি সংগীতশিল্পীর চোখ। তিনি জবাবে লেখেন, 'যাঁরা বিহারের জন্য বড় স্বপ্ন দেখেন, তাঁদের সঙ্গে প্রতিটি কথোপকথন আমাকে দৃষ্টি আর সেবার শক্তির কথা মনে করিয়ে দেয়। অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞ।'
মৈথিলী মিথিলা অঞ্চলের মেয়ে, যার মধ্যে পড়ে মধুবনি ও দরভাঙা জেলা। সূত্রের খবর, বিজেপি তাঁকে মধুবনি বা দরভাঙার আলিগড় আসন, এই দুটির মধ্যে কোনও একটিতে টিকিট দিতে পারে। মৈথিলি নিজেও জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ভোটে লড়তে আগ্রহী।
সোমবার বিহার বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভোট হবে। আর গণনা হবে ১৪ নভেম্বর।
উল্লেখ্য, ২০২৪ সালে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময় মৈথিলী‘মা শবরী’ গেয়েছিলেন। যার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন, 'অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত গোটা দেশের মানুষকে শ্রীরামের জীবন ও আদর্শের নানা ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এর মধ্যে একটি আবেগঘন ঘটনা শবরীর সঙ্গে যুক্ত। শুনুন, কী সুন্দর সুরে মৈথিলি ঠাকুরজি তা প্রকাশ করেছেন।'
২০২৪ সালে আয়োজিত প্রথম সরকারি ‘ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডস’-এ পুরস্কৃত ২৪ জন ইনফ্লুয়েন্সারের মধ্যে ছিলেন মৈথিলী ঠাকুর। তাঁকে ‘কালচারাল অ্যাম্বাসাডর অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরস্কারের লক্ষ্য ছিল 'আত্মবিশ্বাসী, আত্মনির্ভর নতুন ভারতের গল্প যাঁরা বলছেন, তাঁদের সম্মান জানানো।'
এত ঘটনাক্রমেই মৈথিলীর নির্বাচনে লড়ার ইঙ্গিত সকলের কাছে স্পষ্ট করে দেয়। এনিয়ে সরকারিভাবে বা মৈথিলির তরফে অবশ্য কিছু জানা যায়নি। মৈথিলীকে প্রশ্ন করা হলে এনিয়ে তিনি জানান, বিহারে গিয়েছিলেন, বিনোদ তাওড়ে ও নিত্যানন্দ রায়ের সঙ্গে দেখা হয়েছে। টিভিতে এমন খবর আসছে কিন্তু এবিষয়ে কিছু সিদ্ধান্ত এখনও হয়নি। যদি সুযোগ পান নিজের গ্রামের হয়ে লড়বেন। কারণ আলাদা অনুভূতি আছে জন্মভিটের প্রতি। এই নিয়ে এর বেশি কিছু বলতে চাননি সংগীত শিল্পী।
#WATCH | Jabalpur, MP | On reports of her contesting in the upcoming Bihar elections, Folk music and devotional singer Maithili Thakur said, "I too have been seeing these things on TV. I recently visited Bihar and had the opportunity to meet Nityanand Rai, as well as Vinod Tawde.… pic.twitter.com/ZOAdQ0EWNd
— ANI (@ANI) October 7, 2025