সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে।

২৪৩ সদস্য বিশিষ্ট বিহার বিধানসভা ভোট ২২ নভেম্বরের মধ্যে শেষ করা হবে।
শেষ আপডেট: 6 October 2025 11:00
দ্য ওয়াল ব্যুরো: বহু প্রত্যাশিত বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে আজ, সোমবার, ৬ অক্টোবর বিকেল ৪টের সময়। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এর আগেই জানিয়েছিলেন, ২৪৩ সদস্য বিশিষ্ট বিহার বিধানসভা ভোট ২২ নভেম্বরের মধ্যে শেষ করা হবে।
বিহারের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল যাতে ভোট যেন ছটপুজোর ঠিক পরেই করা হয়। এবারে অক্টোবরের শেষ নাগাদ ছটপুজো পড়েছে। দলগুলির দাবি ছিল, ছটপুজোর পরে করলে অধিক সংখ্যায় বিশেষত মহিলা ভোটারের ভোটদান মিলবে। এছাড়াও ছট উপলক্ষে বিভিন্ন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরেন। তাঁদেরও জনমত পড়বে ইভিএমে।
প্রসঙ্গত, এই বিহার ভোটের আগেই বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে কিছুদিন আগে পর্যন্ত গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। গত বর্ষাকালীন অধিবেশনে সংসদের অধিকাংশ দিনই ভন্ডুল হয়ে গিয়েছিল বিরোধীদের একযোগে বিক্ষোভে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টেও। বিশেষত ভোটার তালিকা ও নাগরিকত্বের প্রমাণ স্বরূপ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে কমিশন গ্রাহ্য না করায় বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।