ঘটনার দিন সকালে দীপক সেই কোবরা সাপটিকে গলায় মালার মতো জড়িয়ে বাইক চালিয়ে দুই ছেলেকে স্কুলে ছাড়তে যান। রাস্তায় তাঁকে দেখে এক পথচারী সেই দৃশ্যের ভিডিও করেন, যেটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

দীপক মহাবর
শেষ আপডেট: 17 July 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: গলায় বিষধর কোবরা জড়িয়ে বাইক চালানোয় চরম মূল্য চোকাতে হল মধ্যপ্রদেশের এক ব্যক্তিকে। মর্মান্তিক ঘটনার শিকার ৩৫ বছরের দীপক মহাবর। পেশায় ছিলেন একটি কলেজের অস্থায়ী কর্মী এবং পাশাপাশি পেশাদার সাপুড়ে হিসেবে কাজ করতেন।
জানা গিয়েছে, দীপক দীর্ঘদিন ধরে সাপ ধরতেন এবং বহুবার বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করেছেন। দাবি করা হচ্ছে, তিনি নাকি ইতিমধ্যেই হাজারেরও বেশি সাপকে রক্ষা করেছেন। সম্প্রতি কোবরা উদ্ধার করেন একটি জায়গা থেকে এবং সেটিকে কাচের একটি পাত্রে রেখে দেন। উদ্দেশ্য ছিল, শীঘ্রই শুরু হতে চলা শ্রাবণ মাসের শোভাযাত্রায় ওই সাপটি প্রদর্শন করা।
ঘটনার দিন সকালে দীপক সেই কোবরা সাপটিকে গলায় মালার মতো জড়িয়ে বাইক চালিয়ে নিজের দুই ছেলেকে স্কুলে ছাড়তে যান। রাস্তায় তাঁকে দেখে এক পথচারী সেই দৃশ্যের ভিডিও করেন, যেটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তবে মর্মান্তিক ঘটনা ঘটে ফেরার পথে। আচমকা সাপটি দীপকের গলায় ছোবল মারে। রাস্তার লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকার ব্যবস্থা করে। দেওয়া হয় অ্যান্টি ভেনম। কিন্তু দীপককে বাঁচানো সম্ভব হয়নি।
MP: गुना में सांप के काटने से सर्प मित्र दीपक महावर की मौत, पकड़ने के बाद गले में डालकर ले जा रहा था घर, देखें वीडियो #Cobra #Snake #SnakeCathcer #Guna #MadhyaPradesh #TheSootr pic.twitter.com/cJj2SbFpPE
— Abhishek raghav (@Abhishek4media) July 16, 2025
মাত্র ৩৫ বছরে মৃত্যু হয় তাঁর। স্ত্রী আগেই মারা যাওয়ায় এখন দুই ছেলেকে কে দেখবে, সেই নিয়ে চিন্তায় তাঁদের আত্মীয়রা।
এদিকে ঘটনার কথা জানাজানি হতেই, এনিয়ে সচেতন করেছেন পরিবেশবিদরা।