ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক মসৃণ হতে থাকায়, আমেরিকায় ঘাঁটি গেড়ে থাকা খলিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ) ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাস অবরোধের হুমকি দিল।

এসএফজে-র তরফে একটি পোস্টার ছাড়া হয়েছে।
শেষ আপডেট: 17 September 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক মসৃণ হতে থাকায়, আমেরিকায় ঘাঁটি গেড়ে থাকা খলিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ) ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাস অবরোধের হুমকি দিল। খলিস্তানপন্থী সংগঠনটি বলেছে, বৃহস্পতিবার তারা ভারতীয় দূতাবাসের দখল নেবে। ইন্দো-কানাডিয়ানদের উদ্দেশে জানানো হয়েছে, যদি ওইদিন দূতাবাসে কোনও কাজ থাকে, তাহলে সেটা যেন অন্যদিন করে নেয়।
এসএফজে-র তরফে একটি পোস্টার ছাড়া হয়েছে। তাতে নয়া ভারতীয় হাইকমিশনার দীনেশ পট্টনায়কের মুখের ছবি দিয়ে সেখানে টার্গেট করা রয়েছে। একটি হুমকিপত্রে সংগঠন বলেছে, ভারতীয় কনস্যুলেট আদতে চরবৃত্তি চালাচ্ছে। তারা কানাডায় থাকা খলিস্তানিদের উপর নজরদারি চালাচ্ছে।
চিঠিতে লেখা হয়েছে, দু বছর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বলেছিলেন যে, ভারতীয় গুপ্তচররাই হরদীপ সিং নিজ্জর খুনের সঙ্গে জড়িত। তদন্ত সেটাই স্পষ্ট হয়েছে। এখন দু বছর কেটে গিয়েছে। ভারতীয় কনস্যুলেট তাদের চরবৃত্তির কাজ চালিয়ে যাচ্ছে এবং খলিস্তান দাবি করা প্রচার কর্মীদের উপর আড়াল থেকে নজরদারি চালিয়ে যাচ্ছে।
খলিস্তানপন্থী জঙ্গি নিজ্জরের মৃত্যুর পর প্রচার চালিয়ে যাওয়া ইন্দরজিৎ সিং গোসালকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সাক্ষীর নিরাপত্তা দেবে বলেছে। ফলে, যারা তা ভঙ্গ করবে তাদের মারাত্মক ফল ভুগতে হবে। এই অবরোধ ভারতীয় দূতাবাসের বিশ্বাস হারানোর বিরুদ্ধে। কানাডার মাটিতে দাঁড়িয়ে থেকে খলিস্তানিদের বিরুদ্ধে কোনও চরবৃত্তি চলবে না। অবশ্য এসএফজে-র এই হুমকিপত্র নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের কোনও জবাব মেলেনি। ভ্যাঙ্কুভারের দূতাবাস থেকেও কোনও সাড়া মেলেনি।