সম্প্রতি কেন্দ্রের লাগাতার অভিযানে একের পর এক মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু ও আত্মসমর্পণে বিধ্বস্ত অবস্থায় রয়েছে সংগঠন।

মাওবাদীদের এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন কমরেড অভয়।
শেষ আপডেট: 17 September 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী) একটি বিবৃতিতে অস্থায়ী সশস্ত্র অভিযান বন্ধ রাখার ঘোষণা করল। কেন্দ্রীয় সরকারকে সংগঠনের তরফে একমাসের সংঘর্ষ বিরতির অনুরোধ জানানো হয়েছে। এই সময়ের মধ্যে শান্তিচুক্তির পথে যাওয়ার কথাও জানিয়েছে মাওবাদীরা। সম্প্রতি কেন্দ্রের লাগাতার অভিযানে একের পর এক মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু ও আত্মসমর্পণে বিধ্বস্ত অবস্থায় রয়েছে সংগঠন। তাই অস্ত্রবিরতির শর্তে সরকারের সঙ্গে শান্তির আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে তারা।
প্রসঙ্গত, জনযুদ্ধ গোষ্ঠী ও নকশাল আন্দোলনের প্রেক্ষিতে এটাই প্রথমবার, যখন মাওবাদীরা স্বেচ্ছায় সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে শান্তি আলোচনায় রাজি হয়েছে। তার জন্য অভ্যন্তরীণ আলোচনার সময় চেয়েছে তারা। সরকারকে এও জানিয়েছে যে, তারা যেন তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। এবং এই প্রস্তাবে সাড়া দেয়।
মাওবাদীদের এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন কমরেড অভয়। গত ১৫ অগস্ট লেখা এই চিঠিটি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে এসেছে। গত ১৬ সেপ্টেম্বরেই চিঠির বিষয়টি জানাজানি হয়। অর্থাৎ সংঘর্ষ বিরতির যে একমাস সময় চাওয়া হয়েছিল মাওবাদীদের তরফে, তা পেরিয়ে যাওয়ার পরেই চিঠির কথা ফাঁস হয়।
বিবৃতিতে মাওবাদীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পুলিশ কর্তাদের অস্ত্র সংবরণের প্রস্তাবের কথা স্বীকার করেছে। বলা হয়েছে, শান্তি আলোচনার যে প্রক্রিয়া দলের সাধারণ সম্পাদক বাসবরাজু শুরু করতে চেয়েছিলেন, আমরা জাতীয় ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে সেটাই এগিয়ে নিয়ে যেতে চাইছি। একইসঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর লাগাতার অস্ত্র সমর্পণের অনুরোধকে মান্যতা দিয়ে সমাজের মূলস্রোতে ফিরতে চাইছি। আমরা অস্ত্র সংবরণে প্রস্তুত। তবে আলোচনার জন্য আমাদের একমাস সময় দিক সরকার। এর মধ্যে আমরা আত্মগোপন করে থাকা ও বন্দি নেতাদের সঙ্গে আলোচনা করে নিতে পারব। উল্লেখ্য, এই বছরের গোড়ার দিকে ছত্তীসগড়ের বস্তার এলাকায় নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর মৃত্যুর পর থেকে সংগঠনে নেতৃত্ব সমস্যা মাথাচাড়া দেয়। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে মাওবাদীদের এই চিঠির বিষয়ে টুঁ শব্দটি করা হয়নি এবং শান্তি আলোচনার প্রস্তাবেরও কোনও সাড়া মেলেনি।