২৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পা রাখেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন নভশ্চর পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 15 July 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে ফিরে এলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৩টে ১ মিনিটে স্পেস এক্স-এর ‘গ্রেস’ ক্যাপসুলে তিনি ও তাঁর তিন সহযাত্রী প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। শুভাংশুর এই অভিজ্ঞতা আগামী দিনে ভারতের গগনযান অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে ইসরো (ISRO)।
অ্যাক্সিয়ম স্পেস মিশন-৪ (Ax-4)-এর অংশ হিসেবে প্রায় ১৮ দিন কাটিয়েছেন শুভাংশু (Shubhanshu Shukla) মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনো প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।
ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই বলেন, 'শুভাংশু শুক্লার এই মিশনে পাওয়া অভিজ্ঞতা আগামী দু’বছরের মধ্যে গগনযান অভিযানের প্রস্তুতিতে আমাদের অনেক সাহায্য করবে।' একই সুরে কেন্দ্রীয় বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, 'এই সাফল্যের মাধ্যমে ভারত মহাকাশ গবেষণায় নিজের স্থায়ী জায়গা করে নিয়েছে। এটি শুধু আমাদের দেশের নয়, গোটা বিশ্বের জন্যই গর্বের মুহূর্ত।'
২৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পা রাখেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন নভশ্চর পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু। মোট ১৮ দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে তাঁরা ফিরে এলেন ১.৩ কোটি কিমি পাড়ি দিয়ে, যা পৃথিবী-চাঁদের দূরত্বের ৩২ গুণ! এই সময় তাঁরা ২৮৮ বারের বেশি পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন।
শুভাংশু শুক্লার এই সাফল্যে গর্বিত গোটা দেশ। তাঁকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'ঐতিহাসিক মিশন শেষ করে সফলভাবে ফিরে আসার জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আন্তরিক অভিনন্দন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় হিসেবে তিনি অসীম নিষ্ঠা ও সাহসিকতার নজির গড়েছেন। তাঁর এই সাফল্য কোটি কোটি ভারতীয়র স্বপ্নকে বাস্তবের ছোঁয়া দিয়েছে। এই যাত্রা আমাদের গগনযান প্রকল্পের পথকে আরও সুদৃঢ় করেছে।'
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, 'শুভাংশু শুধু মহাকাশ ছুঁয়ে দেখেননি, ভারতের স্বপ্নকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর এই ঐতিহাসিক যাত্রা গোটা দেশের জন্য গর্বের।'
রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লাই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তবে তিনিই প্রথম, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দীর্ঘদিন কাটালেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে গগনযান প্রকল্পে ভারত আরও একধাপ এগোলো। এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় যে নতুন অধ্যায়ের সূচনা করল, তা বলাই বাহুল্য।