অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই চিকিৎসক হঠাৎ তাঁকে মারতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে থাকা অবস্থায় বারবার ঘুষি মারা হচ্ছে পনওয়ারকে। আত্মরক্ষার চেষ্টা করলেও তিনি কার্যত অসহায় ছিলেন।

ছবি - ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 22 December 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে চিকিৎসা (Hospital Treatment) নিতে এসে মারধরের শিকার হতে হল এক রোগীকে (Patient)! এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হিমাচল প্রদেশের শিমলায় (Himachal Pradesh Shimla)। অন্য কোনও রোগী বা হাসপাতালের কর্মী নন, মারধর করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধেই! ঘটনার ভিডিওটিও সোশ্যাল মাধ্যমে (Viral In Social Media) ভাইরাল হয়ে গেছে।
শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (IGMC)-এর এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী অরুণ পনওয়ার জানান, সোমবার তিনি বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য আইজিএমসিতে গেছিলেন। কিছুক্ষণ পরই ওই চিকিৎসকের সঙ্গে বিবাদে জড়ান এবং মার খেতে হয় তাঁকে।
ঠিক কী ঘটেছে?
অভিযোগকারীর বক্তব্য - ব্রঙ্কোস্কপি পরীক্ষার পর শ্বাসকষ্ট শুরু হলে তিনি পাশের একটি ওয়ার্ডে শুয়ে পড়েন। সেই সময় কোনও উসকানি ছাড়াই অভিযুক্ত চিকিৎসক তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।
পনওয়ারের বক্তব্য, ‘‘আমি শ্বাস নিতে পারছিলাম না। অক্সিজেন চাইতেই উনি প্রশ্ন তোলেন, আমি ওই ওয়ার্ডে ভর্তি কিনা। এই সময়ে তিনি 'তু' করে কথা বললে সম্মানের সঙ্গে কথা বলার অনুরোধ করায় চিকিৎসক আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।’’
অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই চিকিৎসক হঠাৎ তাঁকে মারতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে থাকা অবস্থায় বারবার ঘুষি মারা হচ্ছে পনওয়ারকে। আত্মরক্ষার চেষ্টা করলেও তিনি কার্যত অসহায় ছিলেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিজনেরা। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়।
ঘটনায় নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষও। আইজিএমসি শিমলার মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডাঃ রাহুল রাও জানিয়েছেন, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই রিপোর্ট জমা পড়বে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
রোগী নিরাপত্তা ও চিকিৎসকদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল এই ঘটনা। তদন্ত রিপোর্টে কী উঠে আসে এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন নজর শিমলা তথা গোটা দেশের।