বৃহস্পতিবার কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ ফের একবার মোদীর পাশে দাঁড়িয়ে আমেরিকার হুমকির সামনে নতজানু না হওয়ার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় সরকারকে বলেন, বিকল্প বাজার খুঁজে নেওয়া এবং আমেরিকার পণ্যে বদলা শুল্ক চাপিয়ে দিতে হবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 7 August 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঢিলের বদলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাটকেল মারার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা শশী তারুর। বৃহস্পতিবার কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ ফের একবার মোদীর পাশে দাঁড়িয়ে আমেরিকার হুমকির সামনে নতজানু না হওয়ার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় সরকারকে বলেন, বিকল্প বাজার খুঁজে নেওয়া এবং আমেরিকার পণ্যে বদলা শুল্ক চাপিয়ে দিতে হবে। মোদীকে তারুর প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর কথাও বলেছেন।
লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসতে চলেছে আজ, বৃহস্পতিবার সন্ধ্যায়। রাহুল গান্ধী খোদ সেই নৈশভোজের ডাক দিয়েছেন। সেখানে ইন্ডিয়া জোটের প্রায় সব শরিক নেতাই হাজির থাকবেন এবং ভবিষ্যতের রণকৌশল তৈরি করবেন বলে স্থির আছে। কিন্তু, তার আগেই মোদীর পাশে থাকার বার্তা দিয়ে কংগ্রেসের তাত্ত্বিক নেতা তারুর আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুপারিশ করলেন।
তারুরের কথায়, ট্রাম্পের এই অযৌক্তিক চাপের মুখে এখন রুখে দাঁড়াতে হবে ভারতকে। তাদের ঘাড়েও চাপাতে হবে বদলা-শুল্ক। এছাড়াও আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতীয় পণ্য বিক্রির বিকল্প বাজার খুঁজে নিতে হবে সরকারকে। তারুর বলেছেন, আমি মনে করি ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ অযৌক্তিক, অনুচিত এবং বিভিন্নভাবে বেঠিক। ওদের অভিযোগ, কেন আমরা রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কিনছি। আমরা এটা করছি খোলাখুলি এবং সমস্তরকমের নিয়ম মেনে।
অথচ ট্রাম্প কিন্তু এই একই শাস্তিমূলক ব্যবস্থা চিন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির বিরুদ্ধে নিচ্ছেন না। যারা মস্কোর সঙ্গে আরও বেশি রকমের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আমেরিকা খোদ রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম এবং অন্যান্য রাসায়নিক কিনে চলেছে ওদের শিল্প বাঁচিয়ে রাখতে।
তারুর আরও বলেন, আমরা সেই দেশ নই যারা হুমকি দিয়ে চলে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যদি ওরা ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আদায় করে, তাহলে আমাদেরও উচিত ওদের উপর থেকে ৫০ শতাংশ শুল্ক আদায় করা।