দিল্লির বিখ্যাত ইনস্টিটিউটে অন্তত ১৭ জন শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার চৈতন্যানন্দ সরস্বতী। ধরা পড়ার আগে ৫০ দিনে ১৫টি হোটেল বদল করেছিলেন বলে খবর।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 29 September 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-রিসার্চে অন্তত ১৭ জন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ হেফাজতে স্বঘোষিত স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। ৬২ বছর বয়সি এই ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিতে ৫০ দিনে ১৫টি হোটেল বদল করেছিলেন বলে জানা যাচ্ছে।
জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, চৈতন্যানন্দ সাধারণত সিসিটিভি নেই, এমন সস্তা হোটেলে থেকেছেন এই ক'দিন। আর হোটেল বাছাই করতেন তাঁর সহযোগীরা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর চৈতন্যানন্দ তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না এবং সঠিকভাবে কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তিনি দাবি করেছেন, যা অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তার সবটাই ভিত্তিহীন। নিজের ফোন ও অন্যান্য ডিভাইসের পাসওয়ার্ড এখনও পর্যন্ত কাউকে দেননি, জানিয়েছেন, সে তার মনে নেই। তিনটি ফোন ও একটি আইপ্যাড ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত ৩১ জুলাই। ইনস্টিটিউটের ম্যানেজমেন্টকে একটি চিঠি পাঠান প্রাক্তনী। যেখানে চৈতন্যানন্দের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তুলে ধরা হয়। পরের দিন এ বিষয়ে এয়ার ফোর্সের ডিরেক্টরেটের গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার ইনস্টিটিউটকে ইমেল করেন। কারণ, অনেক শিক্ষার্থী এয়ার ফোর্স পরিবারের। অভিযোগের পর ইনস্টিটিউট পুলিসে এফআইআর দায়ের করে এবং চৈতন্যানন্দের পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে নতুন ১১ সদস্যের গভর্নিং কাউন্সিল গঠন করে।
পুলিশ জানিয়েছে, চৈতন্যানন্দের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, মহিলা ছাত্রাবাসে সিসিটিভি বসানো, বিদেশ সফরে শিক্ষার্থীদের বাধ্য করা এবং ইনস্টিটিউটের সহযোগী ডিন ও কয়েকজন স্টাফকে শিক্ষার্থীদের ওপর তার প্রভাব প্রয়োগের জন্য জড়িত থাকা। তিনজন স্টাফকেও সহ-অভিযুক্ত করা হয়েছে এতে। তাঁদের খোঁজ এপর্যন্ত পাওয়া যায়নি। এনিয়েও মুখ খোলেননি স্বঘোষিত ধর্মগুরু।
তদন্ত চালাচ্ছে পুলিশ ও ফরেন্সিক দল। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তল্লাশিও শুরু হয়েছে।