এতদিনে আইএমএ থেকে পাশ করেছেন ৬৭ হাজারেরও বেশি অফিসার ক্যাডেট। কিন্তু তাঁদের মধ্যে একজনও মহিলা ছিলেন না। সেই শূন্যস্থানই এবার পূরণ করলেন সাঁই।

সাঁই যাদব
শেষ আপডেট: 15 December 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৯৩ বছরের ইতিহাসে প্রথমবার। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA) থেকে পাশ করে ইতিহাস গড়লেন ২৩ বছরের সাঁই যাদব (Sai Yadav)। ১৯৩২ সালে আইএমএ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনও মহিলা অফিসার এখান থেকে কমিশন পেলেন। এতদিনে আইএমএ থেকে পাশ করেছেন ৬৭ হাজারেরও বেশি অফিসার ক্যাডেট। কিন্তু তাঁদের মধ্যে একজনও মহিলা ছিলেন না। সেই শূন্যস্থানই এবার পূরণ করলেন সাঁই।
শুধু ব্যক্তিগত কৃতিত্বই নয়, এই সাফল্যের মধ্যে রয়েছে চার প্রজন্মের সামরিক উত্তরাধিকারও। সাইয়ের প্রপিতামহ ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য, ঠাকুরদা ভারতীয় সেনায় কমিশনপ্রাপ্ত অফিসার, বাবা সন্দীপ যাদব এখনও কর্মরত সেনা অফিসার। সেই ধারাবাহিকতায় চতুর্থ প্রজন্ম হিসেবে সেনাবাহিনীর পোশাক পরলেন সাঁই।
আইএমএ থেকে কমিশন পাওয়ার পাশাপাশি আরেকটি নজির গড়েছেন তিনি। লেফটেন্যান্ট পদে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিয়ে সাঁই হলেন আইএমএ-উত্তীর্ণ প্রথম মহিলা অফিসার যিনি এই বাহিনীতে প্রবেশ করলেন। পাসিং আউট প্যারেডে বাবা-মায়ের হাতে কাঁধে তারা পরার মুহূর্তটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু প্রাক্তন সেনা অফিসার একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। অনেকের মতে, এই ঘটনা আগামী প্রজন্মের অগণিত মেয়েকে সেনাবাহিনীতে (Army) আসার স্বপ্ন দেখাবে।
বর্তমানে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির ২০২২ সালের ব্যাচ থেকে নির্বাচিত আটজন মহিলা অফিসার ক্যাডেট ভারতীয় সেনায় (Indian Army) প্রশিক্ষণ নিচ্ছেন। তবে সাঁই যাদবের আইএমএ-তে প্রবেশ হয়েছে বিশেষ অনুমতির ভিত্তিতে। ছ’মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি, পুরুষ ক্যাডেটদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। সমস্ত মানদণ্ডেই তাঁকে উত্তীর্ণ হতে হয়েছে সমানভাবে।
বেলগাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করেছেন সাঁই— বাবার সেনা পোস্টিংয়ের কারণেই এই যাত্রাপথ। স্নাতক হওয়ার পর জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্ভিস সিলেকশন বোর্ডে সুযোগ পান তিনি। সেখানেই নির্বাচিত হয়ে আইএমএ-র দরজা খুলে যায় তাঁর জন্য।
ধীরে ধীরে সেনাবাহিনীতে মহিলাদের জন্য নতুন নতুন পথ খুলছে। সাঁই যাদবের এই সাফল্য সেই পরিবর্তনের গতি আরও বাড়াল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী ২০২৬ সালের জুনে চেটউড বিল্ডিংয়ের সামনে আইএমএ-র ঐতিহ্যবাহী প্যারেডে অংশ নেবেন সাঁই— যা প্রতিটি আইএমএ গ্র্যাজুয়েটের জন্যই বিশেষ সম্মান। সেই প্যারেডেই স্পষ্ট হয়ে উঠবে, ইতিহাস বদলাতে একজনের এগিয়ে আসাই যথেষ্ট।