মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই আলোচনার হালহকিকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার ফোনে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের নিজে থেকে মোদীকে ফোন করাকে অনেকেই শুভ সঙ্কেত বলে মনে করছেন।
শেষ আপডেট: 18 August 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই আলোচনার হালহকিকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার ফোনে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তেল-বাণিজ্য ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সারবস্তু মোদীকে বলেন পুতিন। এদিন প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের খোদ সেকথা জানিয়েছেন।
এক্সবার্তায় মোদী লিখেছেন, ধন্যবাদ বন্ধু। প্রেসিডেন্ট পুতিনকে ফোন করার জন্য ধন্যবাদ। তাতে তিনি আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার ভিতরের খবর দিয়েছেন। ভারত প্রথম থেকেই ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত সর্বতোভাবে এই কাজে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে। আমাদের মধ্যে এভাবেই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে আমি এটাই চাই।
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকা শুধুমাত্র ভারতের উপরেই ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। উল্লেখ্য, গত ১৫ অগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক হয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে। আজ, সোমবার একই ধরনের বৈঠক হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে। ওভাল অফিসে সেই আলোচনা হওয়ার কথা ভারতীয় সময় রাতের দিকে।
এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের নিজে থেকে মোদীকে ফোন করাকে অনেকেই শুভ সঙ্কেত বলে মনে করছেন। কারণ, ভারত কোভিডকাল থেকে কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনে চলেছে। সেই বন্ধ করতে পা বাড়িয়েছেন ট্রাম্প। এই অবস্থায় পুতিনের আগ বাড়িয়ে মোদীর দিকে হাত বাড়ানোর কোনও স্পষ্ট ইঙ্গিত না মিললেও অনেকের ধারণা তেল বিক্রির ব্যাপারে ওয়াশিংটনের সবুজ সঙ্কেত আদায় করেছেন পুতিন।