গত ১০ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার শাখা ৩৬ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করেছিল, যেখানে 'এআই জেনারেটেড' লেখা ছিল। ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের স্বপ্ন দেখছেন।

হীরাবেন এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 17 September 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কদিন আগে বিহার কংগ্রেস (Bihar Congress) একটি এআই জেনারেটেড (AI Video) ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তাঁর মা-কে (Heeraben Modi) দেখা গেছিল। সেই নিয়ে বিরাট বিতর্ক হয়। তাঁদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, এই অভিযোগে এফআইআর-ও দায়ের করে দিল্লি পুলিশ (Delhi Police)। সেই ভিডিও নিয়েই কড়া নির্দেশ দিল পাটনা হাইকোর্ট (Patna High Court)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে তৈরি বিতর্কিত এআই-ভিডিওটি (AI Video) সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে পাটনা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বাজন্ত্রি এই নির্দেশ দেন। কংগ্রেসের বিহার শাখা এই ভিডিওটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।
গত ১০ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার শাখা ৩৬ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করেছিল, যেখানে 'এআই জেনারেটেড' লেখা ছিল। ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের স্বপ্ন দেখছেন। স্বপ্নে তাঁর মা আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে মোদীর রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি এবং এনডিএ জোটের শরিকরা এর তীব্র নিন্দা করে। তারা অভিযোগ করে, কংগ্রেস প্রধানমন্ত্রীকে নিশানা করতে এই ধরনের ‘লজ্জাজনক’ কৌশল অবলম্বন করছে। তারা আরও দাবি করে, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্ররোচনা সৃষ্টির জন্যই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
যদিও কংগ্রেসের দাবি, ভিডিওটিতে প্রধানমন্ত্রী বা তাঁর প্রয়াত মায়ের প্রতি কোনও অসম্মান দেখানো হয়নি। এদিকে, বিজেপির দিল্লি নির্বাচন সেলের আহ্বায়ক সঙ্কেত গুপ্তার অভিযোগের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দিল্লি পুলিশ কংগ্রেস এবং তাদের আইটি সেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। নর্থ অ্যাভিনিউ থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, ভিডিওটি মানহানিকর এবং এটি প্রধানমন্ত্রী মোদীর মায়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে। পাশাপাশি, এটি সকল মায়েদের প্রতিও অপমানজনক।
গত এক মাসের মধ্যে এই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মাকে রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনা হল। এর আগে গত ২৭ আগস্ট কংগ্রেস এবং আরজেডি-র ‘ভোটার অধিকার যাত্রা’য় প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁর মা হীরাবেনকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার তীব্র নিন্দা করে মোদী বলেছিলেন, "ঘটনাটি কল্পনাতীত এবং দেশের সমস্ত মা, বোন এবং কন্যাদের প্রতি অপমান।" তিনি আরও বলেন, তাঁর মা রাজনীতির সঙ্গে যুক্ত নন।