#MyModiStory হ্যাশট্যাগটি প্রধানমন্ত্রীর জন্মদিনে ট্রেন্ডিং হয় এবং অনেকেই মোদীর সঙ্গে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন।

নরেন্দ্র মোদী এবং গৌতম আদানি (এআই)
শেষ আপডেট: 17 September 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন (Narendra Modi Birthday)। দেশ-বিদেশের বহু নেতা থেকে শুরু করে দল এবং বিরোধী দলের অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর আড়ালে প্রত্যক্ষভাবে আক্রমণ করল কংগ্রেস (Congress)। আর তাতেই কার্যত নতুন বিতর্কের জন্ম দিল হাত শিবির। ঠিক কী করেছে তাঁরা?
#MyModiStory - এই হ্যাশট্যাগ ব্যবহার করে কংগ্রেস একটি এআই-জেনারেটেড ভিডিও (AI Video) প্রকাশ করেছে, যেখানে প্রধানমন্ত্রী এবং শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) ইঙ্গিত করে 'বার্তা' দেওয়া হয়েছে। ভিডিওতে আদানির মতো দেখতে একটি চরিত্রকে গুজরাটি ভাষায় কথা বলতে দেখা যায়, যেখানে সে বলছে যে, মোদী তাঁকে জমি, চুক্তি এবং টেন্ডার সহ সব কিছু এনে দিয়েছেন।
ওই ভিডিওতে আদানির মতো দেখতে চরিত্রটি বলছে, "নরেন্দ্র মোদী আমার একজন খুবই বিশ্বস্ত সমর্থক। এমন কখনও হয়নি যে মোদী আমার নির্দেশের বিরুদ্ধে গেছেন। আমি যা চেয়েছি, যেমন কারখানা, জমি, টেন্ডার, বা চুক্তি — সবই মোদী আমার নামে করে দিয়েছেন। এটাই আমার মোদীর গল্প।"
#MyModiStory pic.twitter.com/7AaFn0Xkbz
— Congress (@INCIndia) September 17, 2025
এই ভিডিও প্রকাশ করে কংগ্রেস জন্মদিনে মোদীকে বিঁধলেও, কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবশ্য একটি টুইটে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।
তবে #MyModiStory হ্যাশট্যাগটি প্রধানমন্ত্রীর জন্মদিনে ট্রেন্ডিং হয় এবং অনেকেই মোদীর সঙ্গে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। এঁদের মধ্যে বিশ্বনাথন আনন্দ, পবন কল্যাণ এবং ক্রিকেটার মহম্মদ সিরাজ উল্লেখযোগ্য। প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ মোদীর সঙ্গে গুজরাটি থালি খাওয়ার একটি মজার স্মৃতি তুলে ধরেন। তিনি লেখেন, "আমার মনে আছে একবার আমি গুজরাটি থালির প্রতি আমার ভাললাগার কথা বলায় মোদীজি সঙ্গে সঙ্গে মুচকি হেসে বলেন, 'তবে চলো যাই।' কোনও রকম প্রথাগত নিয়ম না মেনে তিনি আমাকে স্টেট গেস্ট হাউসে নিয়ে গিয়ে সুস্বাদু গুজরাটি থালি খাইয়েছিলেন।"
অন্যদিকে, অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণ মোদীর সাধারণ পরিবার থেকে উঠে আসার লড়াইয়ের কথা তুলে ধরেন। ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল হারের পর ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক কথার কথা মনে করেন। সিরাজ বলেন, "হার-জিত উভয় ক্ষেত্রেই মোদীজি আমাদের পাশে ছিলেন।" এমনকী এক বছর পর যখন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে, তখনও মোদী ফোন করে দলকে অভিনন্দন জানিয়েছিলেন বলে সিরাজ উল্লেখ করেন।
কদিন আগে বিহার কংগ্রেস একটি এআই জেনারেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তাঁর মা-কে দেখা গেছিল। সেই নিয়েও বিরাট বিতর্ক হয়। তাঁদের ভাবমূর্তিকে খারাপ করা হয়েছে, এই অভিযোগে এফআইআর-ও দায়ের করে দিল্লি পুলিশ (Delhi Police)।
ভিডিওটিতে দেখানো হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী স্বপ্নে তাঁর প্রয়াত মায়ের সঙ্গে কথা বলছেন। সেখানে মাকে দেখা যাচ্ছে তিনি মোদীকে বিহারের রাজনীতিতে তাঁর কাজের সমালোচনা করছেন। বিজেপি ও তাদের সহযোগীরা ভিডিওটিকে 'লজ্জাজনক' বলে কংগ্রেসকে আক্রমণ করেছে। তারপর আবার এই আদানি নিয়ে এআই ভিডিও পোস্ট করল কংগ্রেস।