জন্মদিনের এই শুভেচ্ছা যে কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলার অবকাশ রাখে না।

শেষ আপডেট: 17 September 2025 00:03
দ্য ওয়াল ব্যুরো: ৭৫তম জন্মদিনের কিছু ঘণ্টা আগেই মোদীকে ফোন করে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের বন্ধুত্বের কথা বিশ্ব রাজনীতিতে অজানা নয়।
জন্মদিনের এই শুভেচ্ছা যে কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলার অবকাশ রাখে না। দুই নেতার ব্যক্তিগত সখ্যতা ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এল ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ককেও।
Thank you, my friend, President Trump, for your phone call and warm greetings on my 75th birthday. Like you, I am also fully committed to taking the India-US Comprehensive and Global Partnership to new heights. We support your initiatives towards a peaceful resolution of the…
— Narendra Modi (@narendramodi) September 16, 2025
সোশ্যাল মিডিয়া X-এ মোদি লিখেছেন, “ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে। ভারত-আমেরিকা বিস্তৃত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।” তিনি আরও বলেন, “ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগে আমরা সমর্থন জানাই।”
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতকে বারবার চাপ দিয়ে এসেছেন ট্রাম্প। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর ফোকাস ইউরোপে বেশি, তবুও ভারত এখনও রাশিয়ার অন্যতম শীর্ষ ক্রেতা। এই কারণেই ট্রাম্প ভারতীয় পণ্য ও পরিষেবার উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন।
তবু গলল বরফ
কঠিন মন্তব্য আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও মোদি-ট্রাম্পের ব্যক্তিগত সমীকরণ বরফ গলিয়েছে। সম্প্রতি দু’জনের পারস্পরিক প্রশংসার পর ফের শুরু হয়েছে বাণিজ্য আলোচনার নতুন অধ্যায়। দিল্লিতে মঙ্গলবার বৈঠক হয় দুই পক্ষের মধ্যে। যদিও কৃষিপণ্য আমদানির মতো বেশ কিছু অমীমাংসিত ইস্যু এখনও রয়ে গেছে।
আলোচনায় ভারতের অবস্থান স্পষ্ট। আমেরিকার কৃষি ও দুগ্ধজাত পণ্য আমদানিতে ছাড় দেবে না সরকার। প্রধানমন্ত্রী মোদী প্রতিশ্রুতি দিয়েছেন, কৃষকদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। মার্কিন পক্ষ থেকে ভুট্টার প্রসঙ্গ বিশেষভাবে উত্থাপিত হয়েছে।
আবারও ট্রাম্প দাবি করেছেন, তিনি নাকি ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য “পারমাণবিক যুদ্ধ” ঠেকিয়েছেন অপারেশন সিঁদুরের সময়। ভারতের পক্ষ থেকে বারবার এই দাবি খারিজ করা হলেও ট্রাম্প Nobel Peace Prize-এর দৌড়ে নিজের ভূমিকা তুলে ধরছেন। এমনকী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প “সাতটি যুদ্ধ থামানোর” কৃতিত্ব দাবি করেছেন।
ভারত বরাবরই বলেছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে কেবল সন্ত্রাসবাদ নিয়ে। রাশিয়ান তেল ও বাণিজ্য ইস্যুতে চাপ থাকলেও মোদি-ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক আপাতত আলোচনার দরজা খুলে দিয়েছে।