কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধীদের উদ্দেশে আবেদন জানান, 'সরকার বা বিজেপির সঙ্গে আপনাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই আলোচনার বিষয় একজন মহাকাশচারী ও বায়ুসেনা আধিকারিক, যিনি দেশকে গর্বিত করেছেন।

শুভাংশু শুক্লা (ফাইল চিত্র)
শেষ আপডেট: 18 August 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) ঐতিহাসিক মহাকাশ অভিযানের অভিজ্ঞতা নিয়ে বিশেষ আলোচনার সময়ে লোকসভায় হট্টগোল শুরু করেন বিরোধীরা। এই অভিযোগ তুলে গোটা ঘটনাটিকে 'হতাশাজনক' বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। কথায়, মহাকাশের মতো জাতীয় গর্বের বিষয়কে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত ছিল।
সোমবার সকালেই সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju) ঘোষণা করেছিলেন, শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা নিয়ে সংসদে বিশেষ আলোচনা হবে। তিনি বিরোধীদের অনুরোধ করেছিলেন রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে এই জাতীয় গর্বের মুহূর্তে সহযোগিতা করতে। কিন্তু অভিযোগ, আলোচনার সময় বিরোধী শিবির নির্বাচনী কমিশনের বিরুদ্ধে স্লোগান দিয়ে সংসদের কার্যক্রমে বিঘ্ন ঘটায় এবং শেষ পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।
এক্স হ্যান্ডেলে রাজনাথ সিং (Rajnath Singh) লিখেছেন, 'আজ লোকসভায় ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা এবং তাঁর প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, তাতে বিরোধীরা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করল তা অত্যন্ত দুঃখজনক। আলোচনার বিষয় ছিল ‘ভারতের মহাকাশ কর্মসূচি এবং বিকশিত ভারত ২০৪৭-এর ভূমিকা’। এটি জাতীয় সাফল্য, দেশের গর্ব, আত্মসম্মান ও ভবিষ্যতের বিজ্ঞান ও নিরাপত্তার সঙ্গে জড়িত। বিরোধীরা এতে অংশ নিতে পারত, গঠনমূলক সমালোচনা ও প্রস্তাব রাখতে পারত, কিন্তু তা না করে তারা কার্যক্রম ব্যাহত করল।'
তিনি আরও বলেন, 'মহাকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়, যা ২১ শতকের বৈজ্ঞানিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত, সেটিকে অন্তত রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।'
এই প্রসঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধীদের উদ্দেশে আবেদন জানান, 'সরকার বা বিজেপির সঙ্গে আপনাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই আলোচনার বিষয় একজন মহাকাশচারী ও বায়ুসেনা আধিকারিক, যিনি দেশকে গর্বিত করেছেন। অন্তত আমাদের বিজ্ঞানী ও মহাকাশচারীদের উৎসাহ দিন।' তবে সেই আবেদনের পরও হট্টগোল থামেনি।
অধিবেশন পরিচালনায় দায়িত্বে থাকা বিজেপি সাংসদ বিরোধীদের নিশানায় এনে দিলীপ সাইকি বলেন, “প্রতিদিনই আপনারা পোস্টার ও ব্যানার নিয়ে আসেন। গোটা দেশ তা দেখছে। ১৪০ কোটি মানুষের গর্বের মুহূর্ত নিয়ে আলোচনা করার সুযোগ এসেছিল, কিন্তু আপনারা তাতেও বাধা দিলেন।"
অন্যদিকে, কংগ্রেস সাংসদ শশী তারুর বিরোধীদের অনুপস্থিতি নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'যেহেতু বিরোধীরা আলোচনায় অংশ নেয়নি, তাই আমি বলতে চাই, কমান্ডার শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক অভিযানে আমরা সবাই গর্বিত। তাঁর যাত্রা আমাদের গগনযান মানব মহাকাশ কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ। তাঁর অভিজ্ঞতা থেকে ইসরো যে তথ্য পেয়েছে, তা মহাকাশ মিশনকে আরও নিরাপদ ও নিখুঁত করতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, “এই মিশন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভারতের মহাকাশ কূটনীতির অবস্থানকে দৃঢ় করেছে। ভবিষ্যতে যৌথ গবেষণা ও বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক উড়ান ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ শিক্ষায় উৎসাহিত করেছেন।”
প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা নাসার (NASA) Axiom-4 মহাকাশ মিশনের অংশ হিসেবে ২৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেন। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুই সপ্তাহের বেশি সময় কাটান। ১৫ জুলাই পৃথিবীতে ফিরে এসেছেন শুভাংশু। তিনি হচ্ছেন দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পা রাখলেন। তাঁর আগে ১৯৮৪ সালে উইং কম্যান্ডার (অবসরপ্রাপ্ত) রাকেশ শর্মা সোভিয়েত মিশনের অংশ হিসেবে মহাকাশে গিয়েছিলেন।