কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা দফতরের প্রধান, সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান এবং সমাজকল্যাণ মন্ত্রককে নোটিস জারি করেছে শীর্ষ আদালত।

ফাইল ছবি
শেষ আপডেট: 18 August 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: সেনা প্রশিক্ষণের (Indian Army) সময় দুর্ঘটনা বা চোটে অক্ষম হয়ে পড়া ক্যাডেটদের (Cadets) ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি বি ভি নাগারথনা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, “সেনায় সাহসী মানুষ চাই। কিন্তু যদি আহত ক্যাডেটদের যথাযথ সুবিধা না দেওয়া হয়, তাঁরা হতাশ হয়ে পড়বেন। বিষয়টি আসলে সামাজিক ন্যায়ের।”
আদালতের পর্যবেক্ষণ, আহত ক্যাডেটরা এক্স-সার্ভিসম্যানের মর্যাদা না পেলেও, তাঁদের পুনর্বাসন নিশ্চিত করা উচিত। বিচারপতি নাগারথনা প্রস্তাব দেন, “চিকিৎসা শেষে পুনর্মূল্যায়ন করে দেখা যেতে পারে, তাঁরা কি আবার বাহিনীতে কোনও ভাবে যোগ দিতে পারেন কি না। হয়তো মাঠে নয়, ডেস্ক-জবের দায়িত্ব দেওয়া যেতে পারে।”
প্রশ্ন ওঠে, প্রশিক্ষণরত ক্যাডেটদের জন্য কোনও বীমা প্রকল্প আছে কি না। কেন্দ্রের তরফে জানানো হয়, আপাতত এমন কোনও ব্যবস্থা নেই। বিচারপতিদের মত, “যদি গ্রুপ ইন্স্যুরেন্স চালু হয়, সেনার ওপর অতিরিক্ত চাপ পড়বে না। ঝুঁকি তো অনেক বেশি। তাই আহত ক্যাডেটদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।”
এই প্রেক্ষিতে কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা দফতরের প্রধান, সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান এবং সমাজকল্যাণ মন্ত্রককে নোটিস জারি করেছে শীর্ষ আদালত।
আদালতের নির্দেশ, আহত ক্যাডেটদের চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর তাঁদের পুনর্মূল্যায়ন করা হোক। প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের পথ খোঁজা যেতে পারে। একই সঙ্গে, তাঁদের অধিকার প্রতিবন্ধী আইন অনুযায়ী খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছে আদালত।
এ বিষয়ে কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভট্টি জানান, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে আদালতে মত জানাবেন। আগামী ৪ সেপ্টেম্বর ফের শুনানি হবে এই মামলার।