এই সব অভিযান বা অপারেশনের নাম কখনও ভারতের ভাষা, কখনও পুরাণ, কখনও প্রকৃতি, কখনও জাতীয় আবেগের ছায়ায় রাখা হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 July 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধক্ষেত্রে হোক, উদ্ধারকাজ কিংবা জঙ্গিদ দমন - ভারতের প্রতিটি সামরিক অভিযানের (Indian Army Operations) একটি করে নির্দিষ্ট নাম থাকে। প্রতিবারই দেখা যায়, ভিন্ন ভিন্ন নামে (Different Names) অভিযান হয়েছে। আসলে এই নামগুলি কোনওটাই এমনি এমনি ঠিক হয় না। নামকরণের পিছনে থাকে যথেষ্ট কারণ এবং ভাবনা (Meaning)।
লক্ষ্য করলে দেখা যাবে, এই সব অভিযান বা অপারেশনের নাম কখনও ভারতের ভাষা, কখনও পুরাণ, কখনও প্রকৃতি, কখনও জাতীয় আবেগের ছায়ায় রাখা হয়। উদ্দেশ্য শুধুমাত্র গোপনীয়তা নয়, বরং প্রতিটি নামের সঙ্গে থাকে একটি কৌশলগত বার্তা ও আবেগের সংযোগ।
কখনও সেই নাম হয় আক্রমণাত্মক (যেমন ‘বিজয়’ বা ‘তলওয়ার’), কখনও প্রতিরক্ষামূলক (যেমন ‘সিঁদুর’ বা ‘রাহাত’), আবার কখনও তাতে রাখা হয় ঈশ্বরের নাম (যেমন ‘মহাদেব’ বা ‘মেঘদূত’)। এই নামগুলি যেমন সেনাবাহিনীকে আরও ঐক্যবদ্ধ করে, ঠিক তেমনই বিশ্বের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করে।
একনজরে দেখে নেওয়া যাক ১৯৯০ সাল থেকে শুরু করে ভারতের কিছু গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের নাম ও তার তাৎপর্য...
১৯৯৯ – অপারেশন বিজয়
অর্থ: জয়
কার্গিল যুদ্ধের সময় পাক অনুপ্রবেশকারীদের হটাতে এই অভিযান চালানো হয়। আজও ‘অপারেশন বিজয়’ রয়ে গেছে ভারতের সাহস ও জয়ের প্রতীক হিসেবে।
১৯৯৯ – অপারেশন সাফেদ সাগর
অর্থ: সাদা সাগর
কার্গিল যুদ্ধে উচ্চ পার্বত্য অঞ্চলে ভারতীয় বায়ুসেনার অভিযান। এই অপারেশনেই মিগ ও মিরাজ যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছিল।
১৯৯৯ – অপারেশন তলওয়ার
অর্থ: তলোয়ার
কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের বন্দরগুলিতে নৌবাহিনীর কৌশলগত ঘেরাও। ফলে পাকিস্তানের রসদ সরবরাহ কার্যত থমকে যায়।
২০০১-২০০২ – অপারেশন পরাক্রম
অর্থ: সাহস ও বীরত্ব
সংসদ হামলার পরে ভারত-পাক সীমান্তে মোতায়েন হয় প্রায় ৮ লক্ষ সেনা। খোলাখুলি যুদ্ধ না হলেও এই শক্তি প্রদর্শন ভারতীয় প্রতিরোধনীতিকে জোরদার করে।
২০১৫ – অপারেশন রাহাত
অর্থ: স্বস্তি বা ত্রাণ
ইয়েমেনে যুদ্ধ চলাকালীন আটকে পড়া ভারতীয় ও বিদেশিদের উদ্ধার করে আনে ভারতীয় নৌবাহিনী ও বায়ুসেনা। এটি ছিল এক সফল আন্তর্জাতিক মানবিক অভিযান।
২০১৭ – অপারেশন অল-আউট
অর্থ: সম্পূর্ণ শক্তি প্রয়োগের বার্তা
কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে একযোগে অভিযান। সেনা, আধাসেনা, গোয়েন্দা বাহিনী — সবাই মিলে চালায় এই জঙ্গি দমন কর্মসূচি।
২০২২ – অপারেশন গঙ্গা
অর্থ: পবিত্র গঙ্গা নদীর নাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ইউক্রেন থেকে প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া ও কিছু বিদেশিকে নিরাপদে ফিরিয়ে আনে ভারত। এটি ছিল একটি মানবিক উদ্ধার মিশন।
২০২৫ – অপারেশন সিঁদুর
অর্থ: সিঁদুর, যা পবিত্রতা ও রক্ষার প্রতীক
কাশ্মীরের পহেলগামে হামলার পরে এই অভিযান চালানো হয় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে। টার্গেট ছিল জঙ্গি পরিকাঠামো ধ্বংস করা।
২০২৫ – অপারেশন মহাদেব
অর্থ: শিব ঠাকুরের নাম, শক্তির প্রতীক
জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার পর বড়সড় জঙ্গি-দমন অভিযান চালায় ভারত। লক্ষ্য ছিল হামলার মূল চক্রীদের খুঁজে বের করে নিধন। এই অভিযানেই পহেলগাম কাণ্ডের তিন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে।
এই নামগুলি শুধু যুদ্ধের স্মারক নয়, এগুলি ভারতের কৌশল, সংস্কৃতি ও মনোবলের প্রতিচ্ছবি। যুদ্ধ হোক কিংবা ত্রাণ, ভারত প্রত্যেক অপারেশনের নামেই রেখে যায় এক বিশেষ বার্তা।