সৎকার শেষ হওয়ার পর সাতজন খাড়ি নদীতে স্নান করতে নামেন। সেই সময়েই ঘটে বিপর্যয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 September 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ভিলওয়াড়া জেলায় এক শেষকৃত্য ঘিরে ঘটে গেল দুর্ঘটনা। সোমবার ভিলওয়াড়ার ফুলিয়া কালা গ্রামে চার জনের দাহক্রিয়া শেষে নদীতে স্নান করতে গিয়ে ডুবে মারা গেলেন তিনজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জয়পুরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়। তাঁদের মধ্য থেকে চার জনের শেষকৃত্যে যোগ দিতে সোমবার ফুলিয়া কালা গ্রামে ভিড় জমান স্বজনরা। সৎকার শেষ হওয়ার পর সাতজন খাড়ি নদীতে স্নান করতে নামেন। সেই সময়েই ঘটে বিপর্যয়।
শাহপুরা ডিএসপি ওম প্রকাশ বিষ্ণোই জানিয়েছেন, সাতজনের মধ্যে চারজনকে উদ্ধার করে ফুলিয়া কালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু মহেন্দ্র মালি (২৫), বরদি চাঁদ (৩৪) ও মহেশ শর্মা (৩৫)-কে বাঁচানো যায়নি। আহত বিজয় প্রতাপ সিংহ (৩০), মুকেশ গোস্বামী (২৫), রাকেশ (২৮) ও জীবরাজ (৩০)-কে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে শারপুরা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়, কারণ তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল।
ঘটনার পর ভিলওয়াড়া সাংসদ দামোদর আগরওয়াল, শাহপুরা বিধায়ক লালারাম বৈরওয়া ও জেলা কালেক্টর জসমিত সিংহ সন্ধু হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
উল্লেখ্য, শনিবার রাতে জয়পুরের শিবদাসপুরা থানার অন্তর্গত রিং রোডের একটি আন্ডারপাসে ঘটে গিয়েছিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। হরিদ্বার থেকে এক আত্মীয়ের শেষকৃত্য সেরে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে প্রায় ১৬ ফুট নিচে জলে ডুবে যায়। সেই গাড়িতে থাকা সাতজনের প্রাণ হারান।