রাজস্থানে কাজ করতে গিয়ে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মালদার যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানো হল। পরিবারের দাবি, তাঁর বৈধ কাগজপত্র ছিল। হাই কোর্টে মামলা, সরব তৃণমূল

শেষ আপডেট: 7 August 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: মালদহের যুবক আমির শেখকে বাংলাদেশে পুশ ব্যাক অর্থাৎ ঠেলে পাঠিয়ে দিয়েছে রাজস্থান পুলিশ। কাজের সন্ধানে মরুরাজ্যে যাওয়া মালদার কালিয়াচকের বাসিন্দা ওই যুবকের বাবা জিয়েম শেখ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা করেছেন ছেলেকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে।
তৃণমূলের রাজ্যসভার সদস্য তথা রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানান, নানাভাবে চেষ্টা চালিয়েও আমিরের পুশ ব্যাক আটকানো যায়নি।
এদিকে, পুশ ব্যাক থামাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক স্তরে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য ভারত উপযুক্ত কাগজপত্র সহ কাউকে ফেরত পাঠাতে চাইলে আইনি প্রক্রিয়া মেনে সেটা করা যেতে পারে। কিন্তু ভারত সরকার সেই নিয়ম মানছে না। তারা জোর করে বাংলাদেশি বলে এমন অনেককে ফেরত পাঠিয়েছে যারা আসলে ভারতীয়। তাদের কাছে ভারতের নাগরিক হিসাবে উপযুক্ত নথিপত্র আছে।
মালদহের যুবক আমির শেখের পরিবারের দাবি তাদের কাছে জমি জায়গার তিন প্রজন্মের কাগজপত্র আছে। সেগুলি দেখানো সত্বেও আমিরকে দেশ থেকে বের করে দেওয়া হয়।
এক্স পোস্টে তৃণমূল সাংসদ সামিরুল লিখেছেন, আর কত? মালদার কালিয়াচকের বাসিন্দা এবং জিয়েম শেখের পুত্র আমির শেখকে বিজেপি শাসিত রাজস্থানের পুলিশ বেআইনিভাবে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তিনি রোহিঙ্গাও নন, বাংলাদেশের নাগরিকও নয়। তিনি একজন বাঙালি, ভাষাভাষী ভারতীয় নাগরিক। তবুও তাঁকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলা বিরোধী বিজেপি। জেনে রাখুন, তাঁর পরিবারের নামে স্বাধীনতার আগের জমি সংক্রান্ত নথিও রয়েছে।
সামিরুল জানিয়েছেন আমিরের বাবা জিয়েম শেখ কলকাতা হাই কোর্টে একটি হেবিয়াস করপাস মামলা দায়ের করেছেন।
তৃণমূল এমপি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও দিকনির্দেশনায়, আমরা প্রতিটি বাঙালির পাশে আছি। বিজেপির বাঙালিবিরোধী আচরণের শিকার সবাইকে সব রকমের আইনী সহায়তা করব আমরা।'