গাড়ির মালিক বারবার বোঝানোর চেষ্টা করেন যে, এটি একটি ইলেকট্রিক গাড়ি, এর কোনও সাইলেন্সর পাইপ নেই, তাই ধোঁয়া বেরনোর প্রশ্নই ওঠে না। কিন্তু অভিযোগ, ওই পুলিশ অফিসার তর্কের খাতিরেই ১৫০০ টাকার একটি চালান কেটে দেন।

অভিযোগ, ওই পুলিশ অফিসার তর্কের খাতিরেই ১৫০০ টাকার একটি চালান কেটে দেন
শেষ আপডেট: 10 April 2026 16:40
দ্য ওয়াল ব্যুরো: একটা গাড়ি যা কিনা ব্যাটারিতে চলে, যে গাড়ি থেকে এক ফোঁটা ধোঁয়া বেরনোর সুযোগ নেই - সেই গাড়ির কাছেই কিনা চাওয়া হল ‘দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র’ বা পিইউসি সার্টিফিকেট (EV fined for no PUC certificate Rajasthan)! শুনতে অবাক লাগলেও এমন বিচিত্র ঘটনাই ঘটেছে রাজস্থানের নাগৌরে।
এক ইলেকট্রিক গাড়ি (EV) মালিককে দূষণ সার্টিফিকেট না থাকার অপরাধে জরিমানা করে বসল রাজস্থান পুলিশ (Rajasthan Police)। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। একাংশ আবার ফেটে পড়েছেন ক্ষোভে। সব মিলিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন (Rajasthan police EV fined viral video challan)।
জানা গেছে, রাজস্থানের নাগৌরে ট্রাফিক তল্লাশি চালাচ্ছিলেন এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI)। সেই সময় তিনি একটি টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV) গাড়িকে আটকান। প্রাথমিক কারণ ছিল গাড়ির উইন্ডশিল্ডে লাগানো সানশেড বা কালো পর্দা। সেই নিয়ে পুলিশের সঙ্গে গাড়ি চালকের একচোট বচসাও হয়। সানশেড ব্যবহারের অপরাধে ২০০ টাকা জরিমানা করা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধল তার পরেই। ওই পুলিশ অফিসার জেদ ধরেন, গাড়ির দূষণ সার্টিফিকেট দেখাতে হবে।
গাড়ির মালিক বারবার বোঝানোর চেষ্টা করেন যে, এটি একটি ইলেকট্রিক গাড়ি, এর কোনও সাইলেন্সর পাইপ নেই, তাই ধোঁয়া বেরনোর প্রশ্নই ওঠে না। ফলে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী ইলেকট্রিক গাড়ির জন্য কোনও পিইউসি সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কিন্তু কে শোনে কার কথা! অভিযোগ, ওই পুলিশ অফিসার তর্কের খাতিরেই ১৫০০ টাকার একটি চালান কেটে দেন।
অস্বস্তিতে পুলিশ প্রশাসন
ঘটনার ভিডিও হু হু করে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে রাজস্থান পুলিশ প্রশাসন। এনডিটিভি রাজস্থানের খবর অনুযায়ী, পুলিশ বিভাগ স্বীকার করে নিয়েছে যে ওই জরিমানাটি ভুলবশত করা হয়েছে। আসলে সানশেড সরানো নিয়ে বচসার সময় রাগের মাথায় বা ভুল বোঝাবুঝির জেরে ওই পুলিশ কর্মী পিইউসি ভায়োলেশনের চালানটি কেটে ফেলেন। উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ওই ভুল জরিমানাটি সিস্টেম থেকে বাতিল করে দেওয়া হবে।
কী বলছে নিয়ম?
১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকল রুলস (CMVR) অনুযায়ী, ব্যাটারি চালিত যানবাহন বা ইভি-কে দূষণ পরীক্ষার আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। যেহেতু এই গাড়িগুলো থেকে টেলপাইপ এমিশন বা বিষাক্ত ধোঁয়া নির্গত হয় না, তাই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক (MoRTH) স্পষ্ট জানিয়েছে যে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে সময় অন্তর পিইউসি সার্টিফিকেট নেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই।
সোশ্যাল মিডিয়ার একাংশের মতে, রাজস্থানের এই ঘটনাটি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, দেশে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়লেও সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের একাংশের মধ্যে এখনও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।