দেড় বছর ধরে অফিসে না গিয়েও বেতন! আর সেই অঙ্কটা একেবারে চোখ কপালে তোলার মতো, প্রায় ৩৭.৫৪ লক্ষ টাকা। কীভাবে?

সরকারি আধিকারিক ও তাঁর স্ত্রী
শেষ আপডেট: 27 October 2025 09:42
দ্য ওয়াল ব্যুরো: দেড় বছর ধরে অফিসে না গিয়েও বেতন! আর সেই অঙ্কটা একেবারে চোখ কপালে তোলার মতো, প্রায় ৩৭.৫৪ লক্ষ টাকা। এমনই এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগে রাজস্থান সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের যুগ্ম অধিকর্তা প্রদ্যুম্ন দীক্ষিত ও তাঁর স্ত্রী পুনম দীক্ষিতের নাম জড়াল।
বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে, যখন এক অভিযোগকারী রাজস্থান হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। এরপর গত বছর ৬ সেপ্টেম্বর আদালতের নির্দেশে অ্যান্টি করাপশন ব্যুরো (ACB) প্রাথমিক তদন্ত শুরু করে চলতি বছরের ৩ জুলাই থেকে।
তদন্তে উঠে আসে, প্রদ্যুম্ন দীক্ষিত রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের অধীনস্থ রাজকম্প ইনফো সার্ভিসেস-এর যুগ্ম অধিকর্তা পদে কর্মরত। অভিযোগ, সরকারি টেন্ডার পাশ করানোর বিনিময়ে তিনি দুটি বেসরকারি সংস্থা, OrionPro Solutions ও Treegen Software Limited-কে তিনি নির্দেশ দেন, যেন স্ত্রীকে ‘কর্মচারী’ হিসেবে দেখিয়ে প্রতি মাসে বেতন দেওয়া হয়।
তদন্তে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে ওই দুটি সংস্থা পুনম দীক্ষিতের পাঁচটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠিয়েছে। মোট টাকার পরিমাণ ৩৭,৫৪,৪০৫। ওই অর্থ ‘বেতন’ হিসেবে দেখানো হয়েছিল।
কিন্তু ঘটনায় চমক রয়েছে, তদন্তে দেখা যায়, পুনম দীক্ষিত ওই সময়কালে একদিনও অফিসে যাননি। তাঁর নামে যে উপস্থিতির রিপোর্ট তৈরি হত, সেটিও অনুমোদন করতেন স্বয়ং প্রদ্যুম্ন দীক্ষিত।
পুনম দীক্ষিত একসঙ্গে দু’টি সংস্থা থেকে বেতন পাচ্ছিলেন। OrionPro Solutions-এ কর্মচারী হিসেবে, আবার Treegen Software Limited থেকে ‘ফ্রিল্যান্সিং’-এর নামে।
এই সময়ের মধ্যে ওই দুটি সংস্থা রাজ্য সরকারের কাছ থেকে একাধিক সরকারি টেন্ডারও পেয়েছিল।