মেঘালয় পুলিশ সূত্রে খবর, সোনম তাঁর ফোনে রাজের (Raja Raghuvanshi Murder Case) নাম 'সঞ্জয় বর্মা' নামে সেভ করে রাখতেন। যাতে কেউ সন্দেহ না করে। ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৩৯ দিনে মোট ২৩৪ বার ফোনে কথা হয়েছিল দুজনের।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 19 June 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে (Raja Raghuvanshi Murder Case) সঞ্জয় বর্মার নাম সামনে এসেছে। বিয়ের আগে প্রায় ২০০ বার সোনমের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। কে এই ব্যক্তি? তদন্ত করতেই পুলিশের হাতে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সঞ্জয় বর্মা (Sanjay Barma) আর কেউ নন, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহাই।
মেঘালয় পুলিশ সূত্রে খবর, সোনম তাঁর ফোনে রাজের (Raja Raghuvanshi Murder Case) নাম 'সঞ্জয় বর্মা' নামে সেভ করে রাখতেন। যাতে কেউ সন্দেহ না করে। ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৩৯ দিনে মোট ২৩৪ বার ফোনে কথা হয়েছিল দুজনের। প্রতিবারই ফোনালাপ চলেছে ৩০ থেকে ৬০ মিনিট পর্যন্ত। অনুমান, এরমধ্যেই হানিমুন খুনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়।
মাস খানেক আগেই, ১১ মে বিয়ে হয়েছিল ইন্দোরের রঘুবংশী দম্পতির (Indore Couple)। নববিবাহিত রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী হানিমুনে যান মেঘালয়ে। ২৩ মে হোমস্টে থেকে চেক আউট করার পর থেকেই নিখোঁজ ছিলেন দু'জনেই। পরে ২ জুন জঙ্গলের খাদে রাজার দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন উত্তরপ্রদেশের গাজিপুরে গা ঢাকা দেওয়ার পর ৮ জুন থানায় আত্মসমর্পণ করেন সোনম। প্রসঙ্গত, ঠিক সেদিনই (৮ জুন) শেষবারের মতো রাজ কুশওয়াহার নম্বর হোয়াটসঅ্যাপে সক্রিয় দেখা যায়।
অভিযুক্তদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। জানা গিয়েছে, রাজাকে প্রথমে একটি ম্যাচেতি (স্থানীয় ভাষায় দাও) দিয়ে আঘাত করে বিশাল সিং চৌহান। স্বামীর চিৎকার শুনেই পালিয়ে যান সোনম। পরে স্বামীর মৃত্যু নিশ্চিত হলে ফেরেন এবং দেহ লোপাটে সাহায্য করেন।
পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, সোনম ও তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা এই খুনের মূল ষড়যন্ত্রকারী। বিয়ের আগে থেকেই দুজনের সম্পর্ক ছিল। রাজাকে খুন করতে বিশাল চৌহান, আকাশ রাজপুত ও আনন্দ কুর্মি- এই তিনজনকে ভাড়া করা হয়েছিল।
এদিকে, সোনমের ভাই গোবিন্দ রঘুবংশী জানিয়েছিলেন, তিনি 'সঞ্জয় বর্মা' নামে কাউকে চিনতেন না এবং সেদিনই প্রথম শুনেছেন এই নাম উঠে এসেছে হত্যা-মামলায় (Raja Raghuvanshi Murder Case)। তিনি আরও জানান, তাঁর গোটা পরিবার সম্পূর্ণভাবে সোনমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিহত রাজা রঘুবংশীর পরিবারের পাশে রয়েছেন।