বর্তমান নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হয়। ১২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে টাকা আরও বেশি কাটা হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 October 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: ঘুরতে (Travel) যাওয়ার পরিকল্পনা মাঝেমধ্যেই বদলে যায়। কখনও অফিসের প্রয়োজনে, কখনও হঠাৎ পারিবারিক কারণে। এমন পরিস্থিতিতে ট্রেনের টিকিট বাতিল (Train Ticket) করে নতুন করে বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের ক্ষতির মুখে পড়তে হয়। সেই ঝামেলা কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে যাত্রীরা নিজেদের নিশ্চিত (Confirmed) টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে বদল করতে পারবেন, কোনও অতিরিক্ত ফি ছাড়াই।
এখন পর্যন্ত যাত্রীদের নতুন তারিখে ভ্রমণ করতে চাইলে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটা ছাড়া উপায় ছিল না। এতে বাতিলের সময় অনুযায়ী ভাড়ার একটা অংশ কাটা যেত। মন্ত্রীর কথায়, “এই ব্যবস্থা যাত্রীদের স্বার্থবিরোধী ও অন্যায্য। তাই রেল এখন সেটি বদলাতে চলেছে।”
তবে নতুন তারিখে টিকিট পরিবর্তন হলেও, সেই তারিখে আসন পাওয়া নির্ভর করবে সিট কতগুলি বাকি আছে তার উপর। যদি নতুন টিকিটের ভাড়া বেশি হয়, তাহলে যাত্রীকে কেবল সেই অতিরিক্ত ভাড়া গুনতে হবে।
রেলের এই নতুন নীতি কার্যকর হলে, যাত্রাপথ বদল করতে চাওয়া কোটি কোটি যাত্রীকে আর বাতিল ফি দিতে হবে না।
বর্তমান নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হয়। ১২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে টাকা আরও বেশি কাটা হয়। একবার চার্ট তৈরি হয়ে গেলে, সাধারণত বাতিল টিকিটের টাকা ফেরত মেলে না।
এই নতুন সিদ্ধান্ত যাত্রীদের জন্য এক বড় স্বস্তির খবর বলেই মনে করছে রেলমন্ত্রক।