জরুরি পরিস্থিতিতে শেষ মুহূর্তে দুরপাল্লার ট্রেনে চড়তে বাধ্য হন। এক্ষেত্রে যাত্রীদের একমাত্র ভরসা তৎকাল টিকিট।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শেষ আপডেট: 5 June 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: রেলের তৎকাল টিকিট (Railway Ticket) নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। রেলযাত্রীদের কথায়, তৎকালে কখনওই টিকিট পাওয়া যায় না। বুকিং এর চেষ্টা করতে গেলে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যায়। আবার সার্ভার ঠিক হতেই নিমেষে সব টিকিট বিক্রিও হয়ে যায়। অথচ এজেন্টের কাছে গেলে তৎকালের টিকিট পাওয়া যায়!
পুরো ঘটনায় রেলের একাংশ কর্মীর সঙ্গে এজেন্টদের যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ রেল যাত্রীদের। কালোবাজারি রুখতে রেলের পদক্ষেপের দাবিও উঠেছে। এবার দেরিতে হলেও সেই পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)।
বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেল পোস্টে একথা জানিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টুইটে রেলমন্ত্রী লিখেছেন, তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না।
Bharatiya Railways will soon start using e-Aadhaar authentication to book Tatkal tickets.
This will help genuine users get confirmed tickets during need.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 4, 2025
টুইটে রেলমন্ত্রী এও লিখেছেন, এটি প্রকৃত রেলযাত্রীদের প্রয়োজনের সময় নিশ্চিত টিকিট পেতে সহায়তা করবে। অর্থাৎ আগে থেকে কোনও ভুয়ো টিকিট তৈরি করতে পারবেন না এজেন্টরা. সেই ব্যবস্থায় করতে চলেছে ভারতীয় রেল।
অনেকেই জরুরি পরিস্থিতিতে শেষ মুহূর্তে দুরপাল্লার ট্রেনে চড়তে বাধ্য হন। এক্ষেত্রে যাত্রীদের একমাত্র ভরসা তৎকাল টিকিট। আগে থেকে বুকিং করা টিকিটগুলির মধ্যে যেগুলি ক্যানসেল হয়ে যায় সেই শূন্য আসনগুলির জন্য সফরের আগের দিন তৎকাল টিকিট বুকিং শুরু হয়। আর এক্ষেত্রেই এজেন্টরা এতদিন জালিয়াতি করতেন বলে যাত্রীদের অভিযোগ।