রাহুলের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলীয় মুখপাত্ররা একে দেশের সাফল্য ও জনগণের মর্যাদার প্রতি "লজ্জাজনক অবমাননা" বলে অভিহিত করেছেন।

রাহুল গান্ধী, ডোনাল্ড ট্রাম্প, কিরেন রিজিজু
শেষ আপডেট: 1 August 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্যকে সমর্থন করে ভারতের অর্থনীতি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। শুক্রবার তিনি বলেন, "রাহুল গান্ধী বাচ্চা নন। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো বক্তব্য একজন দায়িত্বশীল বিরোধী নেতার কাছ থেকে আসা অনুচিত।"
রিজিজুর কটাক্ষ, "তিনি দেশের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। বিরোধী দলের অনেকেই বলছেন এটা সঠিক নয়। ভারতের অর্থনীতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তি এভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না। দেশের সম্মান বজায় রাখা সবার দায়িত্ব।"
রাহুল গান্ধী বৃহস্পতিবার দাবি করেন, ভারতের অর্থনীতি “মৃত”। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে যে ভারতের অর্থনীতি মৃত। ট্রাম্প ঠিক বলেছেন। এটা বাস্তবতা।”
এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক এবং জরিমানা আরোপের কথা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি বলেন, “ভারত ও রাশিয়া একসঙ্গে তাদের মৃত অর্থনীতিকে নীচে নামিয়ে আনতে পারে।”
রাহুলের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলীয় মুখপাত্ররা একে দেশের সাফল্য ও জনগণের মর্যাদার প্রতি "লজ্জাজনক অবমাননা" বলে অভিহিত করেছেন।
এমনকি কংগ্রেসের অন্দরেও রাহুলের মন্তব্যে ভিন্নমত উঠে এসেছে। কংগ্রেস নেতা রাজীব শুক্লা বলেন, “ট্রাম্পের মন্তব্য সম্পূর্ণ ভুল। ভারতের অর্থনীতি মোটেও দুর্বল নয়। কেউ যদি ভাবেন তাঁরা আমাদের শেষ করে দেবেন, তবে সেটি বিভ্রম মাত্র।” শশী থারুরও ট্রাম্পের কথায় সহমত নন। তিনি বলেন, “এটা ঠিক নয়, এবং আমরা সবাই তা জানি।”
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, “রাহুল গান্ধী নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও ঐতিহ্যকে আবারও শেষ পর্যায়ে নিয়ে গেছেন। আইএমএফ ও বিশ্বব্যাঙ্ক যেখানে ভারতের বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিচ্ছে, সেখানে একে মৃত অর্থনীতি বলা নিছক কুৎসা।” তিনি আরও বলেন, “এটা কোনও মৃত অর্থনীতি নয়, বরং একটা উন্নতশীল, প্রাণবন্ত ভারত।”