শিরোমণি অকালি দলের সাধারণ সম্পাদক বিক্রম সিং একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কিছুদিন আগেও হরজিন্দরের বাড়ির সামনে একটি হামলা চালিয়েছিল দুষ্কৃতিরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 May 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: উত্তপ্ত অমৃতসরের (Amrtisar) হাওয়া। বাইকে চড়ে তিন ব্যক্তি এসে গুলি করেন শিরোমণি অকালি দলের (Shiromani Akali Dal) এক কাউন্সিলরকে। আজ শহরের এক গুরুদ্বারার কাছে ঘটেছে এই ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম হরজিন্দর সিং বাহমান।
হরজিন্দরের পরিবারের দাবি, ‘এই আক্রমণ চালিয়েছে যারা, তারা আগেও তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে, গুলিও চালিয়েছিল। হরজিন্দরকে প্রাণের হুমকিও দিয়েছিল।
অকালি দলের ওই কাউন্সিলর অমৃতসরের ছেহারতা অঞ্চলে এসেছিলেন পারিবারিক এক অনুষ্ঠানে। তোকে তক্কে ছিল হামলাকারীরা। অনুষ্ঠানবাড়ি থেকে বেরনোর পর পরই গুলি চালায় তারা। তাদের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার হরপাল সিং রনধাওয়া এই ঘটনার প্রেক্ষিতে জানান, ‘হরজিন্দর বাড়ি ফেরার পথে তাঁর ওপর এই হামলা হয়। তিন ব্যক্তির জড়িত থাকার কথা জানা গেছে। তারা বাইকে এসে হরজিন্দরকে গুলি করে। আঘাতজনিত কারণে হাসপাতালেই মৃত্যু হয় ওঁর।’
শিরোমণি অকালি দলের সাধারণ সম্পাদক বিক্রম সিং একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কিছুদিন আগেও হরজিন্দরের বাড়ির সামনে একটি হামলা চালিয়েছিল দুষ্কৃতিরা।
এই ঘটনার পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনীতির অন্দরে। সংশয় তৈরি হয়েছে নিরাপত্তা নিয়েও। অভিযোগ উঠছে, যখন ওই কাউন্সিলর হুমকি পাচ্ছিলেন তখনই কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন? নাহলে আজ তাঁকে এভাবে খুন হতে হতো না।