দুর্ঘটনাগ্রস্ত ব্রিজটি মাত্র চার ফুট চওড়া। একটি বাইক কিংবা দু থেকে তিনজন পথচারী যাওয়ার উপযোগী। কিন্তু দুর্ঘটনার (Pune Bridge Accident) সময় সেখানে অন্তত ৭-৮ টি মোটরবাইক ও শতাধিক পর্যটক ছিল।

ব্রিজ বিপর্যয়
শেষ আপডেট: 16 June 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: রবিবার পুনেতে (Pune Bridge Accident) ইন্দ্রায়ণী নদীর ওপর একটি ব্রিজ ভেঙে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। নদীর জলের স্রোতে ভেসে গিয়েছেন বহু মানুষ। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখা যাচ্ছে। অভিযোগ, ব্রিজটি পুরনো হলেও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
দুর্ঘটনাগ্রস্ত ব্রিজটি মাত্র চার ফুট চওড়া। একটি বাইক কিংবা দু থেকে তিনজন পথচারী যাওয়ার উপযোগী। কিন্তু দুর্ঘটনার (Pune Bridge Accident) সময় সেখানে অন্তত ৭-৮ টি মোটরবাইক ও শতাধিক পর্যটক ছিল। সতর্ক করতে বোর্ড টাঙ্গানো থাকলেও কেউই ভ্রূক্ষেপ করেননি। এমনকী ভিড় নিয়ন্ত্রণে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ।
আগেও ওই ব্রিজে একাধিকবার সমস্যা দেখা দিয়েছিল। ব্রিজের মাঝে গর্ত তৈরি হওয়ায় দু চাকার যান চলাচলে সমস্যা দেখা গিয়েছিল। স্থানীয়রাই সিমেন্ট দিয়ে সাময়িকভাবে গর্ত ঢেকে দিলেও স্থায়ী মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।
জানা যায়, ২ বছর আগে বাসিন্দারা পি ডবলু ডি (PWD) ও গ্রাম পঞ্চায়েতকে চিঠি দিয়ে সেতু সংস্কারের আবেদন করেছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গত বছর বিজেপি বিধায়ক (BJP MLA) রবীন্দ্র চবন এই ব্রিজ মেরামতের জন্য ৮০,০০০ বরাদ্দ করেছিলেন। কিন্তু সেই কাজ কখনও শুরু হয়নি।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে স্থানীয়রা কন্ট্রোল রুমে ফোন করে অতিরিক্ত ভিড়ের খবর দেন। পুলিশ এসে ভিড় ছত্রভঙ্গ করলেও, ফের সেখানে পর্যটকদের ভিড় জমে যায়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানান, ব্রিজটি পুরনো ও মরচে ধরা ছিল, সেটিই প্রাথমিকভাবে ভেঙে পড়ার কারণ বলে প্রাথমিক অনুমান। তিনি বলেন, 'নতুন সেতু নির্মাণের পরিকল্পনা আগে থেকেই ছিল।'