ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে দাদা রাহুল গান্ধী প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের ভর্ৎসনাকে এই ভাষাতেই সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

দাদার পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা প্রসঙ্গে প্রিয়ঙ্কা এদিন বলেন, শীর্ষ আদালত তাঁর কথা বলার উদ্দেশ্যকে ভুলভাবে ব্যাখ্যা করেছে।
শেষ আপডেট: 5 August 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: ‘সুপ্রিম কোর্ট ঠিক করে দিতে পারে না, কে সত্যিকারের ভারতীয়।‘ ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে দাদা রাহুল গান্ধী প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের ভর্ৎসনাকে এই ভাষাতেই সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। উল্লেখ্য, গতকাল, সোমবারই শীর্ষ আদালত রাহুল গান্ধী সম্পর্কে বলে, ‘যদি আপনি সত্যি ভারতীয় হন, তাহলে আপনার এরকম কথা বলা উচিত নয়।‘
দেশের বিরোধী দলনেতা রাহুলকে ধমক দিয়ে শীর্ষ আদালত আরও বলেছে, আপনি কী করে জানলেন ভারতের একটি বিশাল ভূখণ্ড চিনের সেনা দখল করেছে? এ ধরনের কথাবার্তায় বিরত থাকার সতর্ক করে দিয়ে বলেছে, মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে, যা খুশি তা বলা যায়।
রায়বরেলির সংসদ সদস্য রাহুল গান্ধীকে অবশ্য স্বস্তি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে অপমানজনক মন্তব্য করার মামলায় স্থগিতাদেশ দেয় আদালত। ২০২০ সালে অরুণাচল প্রদেশের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতার মন্তব্যকে ঘিরে ফৌজদারি অবমাননার মামলা হয় লখনউ আদালতে। লখনউ আদালত সেই মামলা চালানোর অনুমতি দিলে রাহুল এলাহাবাদ হাইকোর্টে যান। সেখানেও উচ্চ আদালত স্থগিতাদেশ না দেওয়ায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন কংগ্রেস নেতা।
রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা চলাকালীন ২০২২ সালের ১৬ ডিসেম্বর এক মন্তব্যে বলেন, চিনা সেনাদের হাতে বেদম মার খেয়েছেন ভারতীয় জওয়ানরা। এই অভিযোগে মামলা দায়ের করেন সীমান্ত সড়ক সংস্থার প্রাক্তন ডিরেক্টর উদয়শঙ্কর শ্রীবাস্তব।
মামলায় দাদার পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা প্রসঙ্গে প্রিয়ঙ্কা এদিন বলেন, শীর্ষ আদালত তাঁর কথা বলার উদ্দেশ্যকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। কেরলের ওয়ানাড়ের সংসদ সদস্য প্রিয়ঙ্কার কথায়, সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বজায় রেখেও বলতে চাই, তাঁরা ঠিক করে দিতে পারেন না যে কে সত্যিকারের ভারতীয়। বিরোধী দলনেতার কর্তব্য হল, সরকারকে প্রশ্ন করা। সরকারের কাছে জানতে চাওয়া। আমার ভাইয়া কোনওদিন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলেনি। সেনার প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে, যা হয়েছে তা হল ভাইয়ার কথার অপব্যাখ্যা হয়েছে।
রাহুলের সমর্থনে এদিন মুখ খুলেছেন কেরলের এপি কেসি বেণুগোপালও। তিনিও সুপ্রিম কোর্টের মন্তব্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। বেণুগোপাল বলেন, রাহুল গান্ধী যা বলেছেন, তা যে কোনও জাতীয়তাবাদী ভারতীয়র মনের কথা। আমরা যখন সংসদের ভিতরে প্রশ্ন তুলি, তখন কোনও জবাব মেলে না। আর আমরা যখন সংসদের বাইরে কিছু বলি, তখনই আমরা দেশবিরোধী হয়ে যাই। প্রকৃত ভারতীয়র সংজ্ঞা তাহলে কী, প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।