ভারতীয় সেনা এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে আমেরিকা কীভাবে ইসলামাবাদকে সাহায্য করেছিল, সেকথা মনে করিয়ে দিয়েছে সেনাবাহিনী।

'আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক। কিন্তু, আমেরিকার বন্ধু হলে মৃত্যু নিশ্চিত।'
শেষ আপডেট: 5 August 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: বাণিজ্য চুক্তি ও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে ভারত-মার্কিন ঠান্ডাযুদ্ধের পরিবেশে মঙ্গলবার ঘি ছড়াল সেনাবাহিনী। ভারতীয় সেনা এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে আমেরিকা কীভাবে ইসলামাবাদকে সাহায্য করেছিল, সেকথা মনে করিয়ে দিয়েছে সেনাবাহিনী।
আমেরিকার সঙ্গে ভারতের দীর্ঘকালের দুশমনি নিয়ে সেই আমলেরই বিতর্কিত মার্কিন বিদেশমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মন্তব্য উদ্ধৃত করে বিজেপিও বিঁধেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিসিঞ্জারের অসম্ভব জনপ্রিয় কথাটি ছিল, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক। কিন্তু, আমেরিকার বন্ধু হলে মৃত্যু নিশ্চিত। বৈজয়ন্ত পান্ডা এর বেশি কিছু মন্তব্য না করলেও তাঁর এই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা ও গুঞ্জন ঘনিয়ে উঠেছে।
এদিকে সেনার পক্ষ থেকে এক্সবার্তায় যে পোস্ট করা হয়েছে, তার শিরোনাম হল- দিস ডে দ্যাট ইয়ার। বিল্ড আপ অফ ওয়ার-০৫ অগস্ট ১৯৭১ হ্যাশট্যাগ নোফ্যাক্টস। একটি পুরনো খবরের কাগজের পাতার ছবি দিয়ে আমেরিকার দুমুখো নীতির স্মৃতি জাগিয়ে দিয়েছে বাহিনী। সংবাদপত্রের শিরোনামের বাংলা তর্জমা করলে দাঁড়ায় ১৯৫৪ সাল থেকে আমেরিকা প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র পাকিস্তানকে সরবরাহ করেছে।
প্রসঙ্গত, ভারত যেদিন ট্রাম্পের হুমকিকে ঠেলে ফেলেছে তার পরদিনই বাহিনী এই পোস্টটি করেছে। ভারত স্পষ্ট ভাষায় বলেছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা অযৌক্তিক। সেনার দাবি, ১৯৫৪ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমেরিকা পাকিস্তানকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ডুবোজাহাজ ও গোলাবারুদ সরবরাহ করেছে।