বৃহস্পতিবার সকালেই গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি যান শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তবে রাজনৈতিক কর্মসূচির থেকেও বেশি চর্চা কুড়িয়েছে মন্দির চত্বরে ঘটে যাওয়া এক মুহূর্ত।

প্রিয়ঙ্কাকে ঘিরে উল্লাস
শেষ আপডেট: 19 February 2026 18:15
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা ভোটের (Assembly Election) প্রস্তুতির আবহে দু’দিনের অসম (Assam) সফরে পৌঁছেছেন, কংগ্রেস (Congress) সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। বৃহস্পতিবার সকালেই গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি যান শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তবে রাজনৈতিক কর্মসূচির থেকেও বেশি চর্চা কুড়িয়েছে মন্দির চত্বরে ঘটে যাওয়া এক মুহূর্ত।
‘আমাদের মেয়ে প্রধানমন্ত্রী হবে’ (Hamara beti pradhan mantri banega)
মন্দিরে এক নাগা সাধুর (প্রত্যক্ষদর্শীদের দাবি, অঘোরী বাবা) সঙ্গে সংক্ষিপ্ত আলাপ হয় প্রিয়ঙ্কার। একটি ছবি তোলার অনুরোধ জানান ওই সাধু। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি প্রিয়ঙ্কার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন এবং বলছেন, “হামারা বেটি প্রধানমন্ত্রী বনেগা” (আমাদের মেয়ে প্রধানমন্ত্রী হবে)। মন্তব্য শুনে প্রিয়ঙ্কাকে হালকা বিস্মিত হাসি হেসে সরে যেতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়তে সময় নেয়নি। কংগ্রেস শিবির অবশ্য ঘটনাটিকে ‘আশীর্বাদমাত্র’ বলেই দেখছে।
ভোট প্রস্তুতিতে জোর
মন্দির দর্শনের পর প্রিয়ঙ্কা যান গুয়াহাটির রাজীব ভবনে (কংগ্রেস ভবন)। সেখানে ব্লক কংগ্রেস কমিটি, জেলা কংগ্রেস কমিটি এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। মহিলা কংগ্রেস ও এনএসইউআই-সহ বিভিন্ন ফ্রন্টাল সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা নির্ধারিত।
দলীয় সূত্রে খবর, অসমে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় প্রিয়ঙ্কা নিজে নজর রাখছেন। তাঁদের কথায়, এ বার ‘অভূতপূর্ব ও পদ্ধতিগত’ স্ক্রিনিং প্রক্রিয়া চালানো হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন, সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখা এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সমন্বয়— এই বিষয়গুলিই বৈঠকের মূল আলোচ্য।
অসম কংগ্রেস নেতাদের দাবি, ভোটের প্রচার যত গতি পাবে, প্রিয়ঙ্কার সফরও তত ঘন ঘন হবে। রাজনৈতিক তাৎপর্যের পাশাপাশি কামাখ্যার সেই আশীর্বাদী মুহূর্ত আপাতত সফরের আলোচনাকে অন্য মাত্রা দিয়েছে।
অসমের ভারপ্রাপ্ত এআইসিসি নেতা জিতেন্দ্র সিংহ বলেন, এই প্রথম ব্লক কংগ্রেস কমিটি, জেলা কংগ্রেস কমিটি, গ্রাম কংগ্রেস কমিটি, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, দলের জনজাতি ও আদিবাসী শাখার প্রতিনিধিদের মতো তৃণমূল স্তর পর্যন্ত কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন স্ক্রিনিং কমিটির পর্যবেক্ষকরা। এ ছাড়া দলের সাংসদ, বিধায়ক, পরিচালন কমিটি ও নির্বাচন কমিটির সঙ্গেও প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত কথা হবে প্রিয়ঙ্কার।