ফ্যাশন বিশেষজ্ঞ ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লক্ষ করেছেন, প্রাডা তাদের স্যান্ডালের ডিজাইনের জন্য কোলাপুরি চপ্পলকে উৎস হিসেবে স্বীকৃতি দেননি। ব্র্যান্ডের শো নোটে ভারত বা কারিগরদের উল্লেখ ছিল না। যদিও ডিজাইন স্পষ্টত একই।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 16 July 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: কোলাপুরি চপ্পলের নকশা নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের (Prada's Kolhapuri-inspired sandals) মুখে পড়ে এবার সরাসরি মহারাষ্ট্রে এল বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাডা (Prada)। স্থানীয় শিল্পীদের সঙ্গে সম্ভাব্য যৌথ উদ্যোগের উদ্দেশে মঙ্গলবারই শহরে পৌঁছেছে ব্র্যান্ডের উচ্চপদস্থ প্রযুক্তি দল।
প্রাডার (Prada) প্রতিনিধিরা এদিন বিকেল চারটে নাগাদ কোলাপুর শহরে পৌঁছান। সেখানেই তাঁরা সন্ধেটা কাটাবেন স্থানীয় হস্তশিল্পীদের, স্বনির্ভর গোষ্ঠীর নেতাদের ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। প্রত্যেকের সঙ্গেই বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। মূলত কোলাপুরি চপ্পল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি, কারিগরদের কাজকর্ম ও শিল্পচর্চা কাছ থেকে দেখতেই 'প্রাডা'র দলের এই সফর। বুধবার সকালেই তাঁরা আবার ফিরে যাবেন।
গত মাসে মিলানে মেন স্প্রিং সামার ২০২৬ কালেকশনে প্রদর্শিত প্রাডার নতুন চপ্পলের ডিজাইন ‘কোলাপুরি চপ্পলের’ সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে আন্তর্জাতিক ব্র্যান্ডটি। এই ডিজাইনকে ঘিরে ভারতের ঐতিহ্য এবং কারিগরদের কোনও স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ ছড়ায় দেশ-বিদেশে।
আগস্টের প্রথম সপ্তাহে প্রাডার আরও একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ভারতে আসবে। এই দলে থাকবেন সংস্থার গ্লোবাল বিজনেস হেড, গ্লোবাল কমিউনিকেশনস হেড এবং অন্যান্য কর্পোরেট নেতৃত্ব। তাঁরা প্রথমে মুম্বইয়ে পৌঁছে সরকারি স্তরের ও বাণিজ্যিক সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
প্রাডার সঙ্গে এই বিতর্কে শুরু থেকেই সক্রিয় ছিল মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এগ্রিকালচার (MACCIA)। সংস্থার প্রেসিডেন্ট ললিত গান্ধী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা প্রাডাকে যে আপত্তির কথা জানিয়েছিলাম, তার প্রেক্ষিতে তারা এখন স্থানীয় শিল্পীদের সঙ্গে যৌথ উদ্যোগে একটি বিশেষ কালেকশন তৈরির কথা ভাবছে। এটা শুধুমাত্র বাণিজ্যের বিষয় নয়। এটা আমাদের সংস্কৃতির মর্যাদা রক্ষা এবং ন্যায্য ফ্যাশনের দিক থেকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'
কোলাপুরি বিতর্কে সমালোচনার মুখে পড়ে মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাগ্রিকালচার (MACCIA) এতে হস্তক্ষেপ করার পর প্রাডার তরফে জানানো হয়েছিল, ‘আমরা স্বীকার করছি, আমাদের সাম্প্রতিক Prada Men’s 2026 ফ্যাশন শো-তে ব্যবহৃত স্যান্ডালগুলি ভারতের ঐতিহ্যবাহী হস্তনির্মিত ‘কোলাপুরি চপ্পল’ থেকে অনুপ্রাণিত। আমরা এই শিল্পকলার সাংস্কৃতিক গুরুত্বকে গভীরভাবে সম্মান করি।’
প্রাডার বিরুদ্ধে সমালোচনা কেন?
ফ্যাশন বিশেষজ্ঞ ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লক্ষ করেছেন, প্রাডা তাদের স্যান্ডালের ডিজাইনের জন্য কোলাপুরি চপ্পলকে উৎস হিসেবে স্বীকৃতি দেননি। ব্র্যান্ডের শো নোটে ভারত বা কারিগরদের উল্লেখ ছিল না। যদিও ডিজাইন স্পষ্টত একই।